কঙ্গনার মন্তব্যে এবার মুখ খুললেন সোনু, বললেন ‘খুবই লজ্জাজনক’

কঙ্গনা ও সনু। কোলাজ

ভারতে জেন-জি প্রজন্মের আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌতের বিতর্কিত মন্তব্য ঘিরে চারদিকে বিতর্কের ঝড় বইছে। কঙ্গনার এ মন্তব্যকে ঘিরে নানা মহলে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। শুরু হওয়া এ বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

গতকাল বুধবার এক অনুষ্ঠানে জেন জি-দের নিয়ে কঙ্গনার কটাক্ষের কথা উঠে আসে। সোনু সুদকে এ নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, তরুণদের সম্মান করা উচিত এবং জনসমক্ষে কথা বলার আগে প্রত্যেকেরই শব্দচয়নে সতর্ক থাকা প্রয়োজন।

প্রথমে কঙ্গনার মন্তব্য শোনেননি বলে জানান সোনু। পরে বিষয়টি ব্যাখ্যা করে সাংবাদিকেরা জানালে তিনি বলেন, ‘আমি তাঁর পুরো বক্তব্য শুনিনি। তবে একটা বিষয় জানি, এই তরুণেরাই একজন অভিনেতাকে তারকা বানান। তাঁরাই আমাদের এ অবস্থানে নিয়ে আসেন। তাই তাঁদের সম্মান করা উচিত।’

এই বলিউড অভিনেতা আরও বলেন, ‘যত দিন মানুষ আপনার পাশে থাকবে, তত দিন আপনি এগিয়ে যেতে পারবেন। মানুষ সরে গেলে কেউই টিকে থাকতে পারে না। তাই সব সময় সবার প্রতি সম্মান দেখানো জরুরি।’ এরপর কঙ্গনার ‘জেনারেশন গাটার’ মন্তব্যের প্রসঙ্গ উঠতেই সোনু বলেন, ‘যদি তিনি সত্যিই এমন কথা বলে থাকেন, তাহলে সেটা খুবই লজ্জাজনক। এ ধরনের কথা বলা উচিত হয়নি।’

অভিনেতার মতে, ‘কথা বলার আগে ভেবে বলা উচিত। কারণ, জনগণই আমাদের সবকিছু। মানুষই আমাদের পরিচয় তৈরি করেন।’ তাঁর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কঙ্গনা রনৌত
ইনস্টাগ্রাম থেকে

বিতর্কের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনার রনৌতের এক পোস্টকে কেন্দ্র করে। দিল্লিতে শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আন্দোলনকারী একাংশের ভাষা ও আচরণের তীব্র সমালোচনা করেন। সেই পোস্টে তিনি ‘জেন–জি’ প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম, কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের এমন ভাষা দেখার পর তাঁর কিছুটা ‘মানসিক নিরাময়’ এবং ‘অনলাইন থেকে দূরে থাকা’ প্রয়োজন। অভিনেত্রীর দাবি, এই প্রজন্মের একটি অংশ শালীন ভাষা ব্যবহার করে না এবং পড়াশোনার বদলে বিশৃঙ্খলা তৈরিতে বেশি আগ্রহী। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন

সমালোচনার মুখে পরে কঙ্গনা একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। অভিনেত্রী দাবি করেন, সব তরুণের উদ্দেশে তিনি মন্তব্য করেননি। যেসব শিক্ষার্থী আন্দোলনের নামে অশালীন ভাষা ব্যবহার করেছেন, শুধু তাঁদের আচরণেরই সমালোচনা করেছেন। পাশাপাশি এই রাজনীতিবিদ প্রশ্ন তোলেন, ‘আপনি কি আপনার সন্তানকে এমন ভাষা ব্যবহার করতে শেখাবেন?’ তবে কঙ্গনার এ ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি।