সানি নিলেন ৬০ কোটি, প্রীতি-ও কম যান না
দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সানি দেওল। রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবিকে ঘিরে তাই দর্শকের আগ্রহ আগে থেকেই তুঙ্গে। ‘বাটওয়ারা’ মুক্তির আগে এবার আলোচনায় এসেছে ছবির তারকাদের পারিশ্রমিক। দেশভাগের পটভূমিকায় নির্মিত এই ছবির জন্য বড়সড় পারিশ্রমিক নিয়েছেন সানি। এদিকে এত দিন পর বড় পর্দায় ফিরে ভালোই দর হেঁকেছেন প্রীতি। জানা যাক, ‘বাটওয়ারা’ ছবির কোন তারকা কত পারিশ্রমিক ঝুলিতে পুরেছেন।
‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মুক্তির তারিখ যত এগিয়ে আসছে, এটি নিয়ে আলোচনা ততই জোরালো হচ্ছে। এই মুহূর্তে ছবির অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে বেশ আলোচনা চলছে। প্রতিবেদন অনুযায়ী, ছবিটির জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন সানি দেওল। মনে করা হচ্ছে, ‘গদর ২’ এবং ‘বর্ডার ২’-এর মতো সফল ছবির পর সানির জনপ্রিয়তা আবারও অনেকটাই বেড়েছে। এমনও আলোচনা রয়েছে যে তাঁর পারিশ্রমিকের নির্ধারিত অঙ্কের পাশাপাশি ছবির লাভের অংশও অন্তর্ভুক্ত থাকতে পারে। জানা যাচ্ছে, নিজের চরিত্রের জন্য তিনি ৬০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের দৌড়ে সানির পরেই রয়েছেন প্রীতি জিনতা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, রাজকুমার সন্তোষীর এই ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ১০ কোটি রুপি। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে বেশ ভালো অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন প্রীতি। ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আলী ফজল। তিনি প্রায় ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। রাজকুমার সন্তোষীর এই পিরিয়ড ড্রামা ছবিতে সানি দেওল, প্রীতি জিনতা এবং আলী ফজল ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, কারণ দেওল ও অভিমন্যু সিং। শাবানা আজমির পারিশ্রমিকের অঙ্ক অবশ্য এখনো প্রকাশ্যে আসেনি। অভিমন্যু সিংয়ের পারিশ্রমিক প্রায় ২ কোটি রুপি।
জানা গেছে, এই ছবির বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। তবে এই বাজেট ও তারকাদের পারিশ্রমিক কোনোটিই নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
‘বাটওয়ারা ১৯৪৭’ তৈরি হয়েছে ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে। ছবিটির গল্পের কেন্দ্রে রয়েছে দেশভাগের সময়কার মানুষের জীবন, সম্পর্ক ও সেই সময়ের মানবিক সংকট। ছবিটি আসগর ওয়াজাহাতের জনপ্রিয় উর্দু নাটক ‘জিস লাহোর নেহি ভেখ্যা ও জম্যাই নেহি’ থেকে অনুপ্রাণিত। দেশভাগের পর লাহোরে দুই ভিন্ন সম্প্রদায়ের পরিবারের গল্পের মধ্য দিয়ে বিভাজনের মানবিক দিক তুলে ধরা হয়েছে।
‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর রাজকুমার সন্তোষী এবং সানি দেওল জুটি বেঁধে আসছেন। এর আগে এই জুটি ‘দামিনী’, ‘ঘায়েল’, ‘ঘাতক’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তাই এই সফল জুটিকে আবার বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। আমির খান প্রোডাকশনস প্রযোজিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান এবং গানের কথা লিখেছেন জাভেদ আখতার। ‘বাটওয়ারা ১৯৪৭’ ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। একই সময়ে মুক্তি পাচ্ছে ইমরান হাসমির ‘আওয়ারাপন ২’। ফলে বক্স অফিসে দুই ছবির মধ্যে প্রতিযোগিতাও দেখা যেতে পারে।