চঞ্চলকে নিয়ে অমিতাভ বচ্চনের সেই পোস্টে সর্বাধিক শেয়ার
মৃণাল সেনের সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। সম্পর্কের এই শুরুটা অমিতাভ বচ্চনের বলিউডে যাত্রা দিয়ে। মৃণাল সেনের হাত ধরে ১৯৬৯ সালে বলিউডে পা রাখেন অমিতাভ। সেই মৃণাল সেনের জীবনী নিয়ে কলকাতায় সিনেমা নির্মিত হচ্ছে। সেই সিনেমার পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ভোলেননি অমিতাভ। মাসের শুরুতে বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীকে নিয়ে বলিউড কিংবদন্তির সেই ফেসবুক বেশ সাড়া ফেলে। দেশের হাজারো ভক্ত-শুভাকাঙ্ক্ষী পোস্টটি শেয়ার করতে থাকেন। অমিতাভ বচ্চনের সেই পোস্টটি গেল কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী শেয়ার করেছেন।
মৃণাল সেনকে নিয়ে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানাচ্ছেন ‘পদাতিক’ নামের একটি চলচ্চিত্র। মৃণাল সেনের এই বায়োপিকে অভিনয়ের জন্য চঞ্চলদের শুভকামনা জানিয়ে অমিতাভ বচ্চন লিখেছিলেন, ‘শুভকামনা “পদাতিক”, চঞ্চল চৌধুরী, সৃজিত মুখার্জি।’
আগেই জানা গিয়েছিল, সিনেমাটি পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। অমিতাভ বচ্চনের মতো অভিনেতা চঞ্চলের পোস্টারটি পোস্ট করায় চঞ্চলভক্তদের মধ্যে তা মুহূর্তেই ছড়িয়ে যায়। সেই পোস্টে গেল কয়েক দিনে চার হাজারের মতো শেয়ার হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি। এই সময়ের মধ্যে ভারতীয় কিংবদন্তি এই অভিনেতার আর কোনো পোস্ট এতবার শেয়ার হয়নি।
‘পদাতিক’-এ মূল চরিত্রে অভিনয় করছেন চঞ্চল। সেই সিনেমার পোস্টার অমিতাভ বচ্চন পোস্ট করার ঘটনাটি চঞ্চলের জন্য অনুপ্রেরণার ও অনেক বড় প্রাপ্তির। সেই সময় চঞ্চল বলেছিলেন, ‘তিনি যদি সত্যিই শুভকামনা জানান, তাহলে এটা আমার জন্য অনেক বড় প্রেরণা হবে। আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। আমি কখনোই আশা করিনি এমন কিংবদন্তি আমাকে শুভকামনা জানাবেন।’ সেদিন চঞ্চলের বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, যে কারণে পোস্টটি নিয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্যে অমিতাভ বচ্চনকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি। অবশেষে সিনেমাটির শুটিংয়ে দেশ ছাড়ার সময় অমিতাভ বচ্চনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন চঞ্চল।
আজ বৃহস্পতিবার চঞ্চল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আজ রওনা হয়েছি কলকাতার পথে। উদ্দেশ্য—মৃণাল সেনকে নিয়ে সিনেমা ‘পদাতিক’–এর শুটিং। পদাতিক নির্মাণ করবেন সৃজিত মুখার্জি। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ‘পদাতিক’–এর জন্য তাঁর ফেসবুক পেজ থেকে শুভকামনা জানিয়েছেন এক সপ্তাহ আগেই। তাঁর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা। এটা আমার জন্য অনেক বড় প্রেরণা এবং আশীর্বাদ। আমার শুভানুধ্যায়ীরা অনেকেই অমিতাভ জি–এর সেই পোস্টটি শেয়ার করে আনন্দ আশীর্বাদের অংশীদারও হয়েছেন। তাঁদের কাছেও কৃতজ্ঞতা।’