নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানি মামলা, কী করেছিলেন তিনি
চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাঁর বিরুদ্ধে তিন কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করেছে ভারতের চার্টার্ড উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিউন্স এভিয়েশন। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, নোরার মন্তব্যে তাদের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে ভ্রমণ করেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। ভিডিওগুলোতে বিমানটিকে ‘ছোট’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
নোরার বিরুদ্ধে অভিযোগ
ইনস্টাগ্রামে নোরার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি। ফলে তাঁর মন্তব্য অল্প সময়েই বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। ডিউন্স এভিয়েশনের অভিযোগ, কোনো প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই কিংবা যথাযথ ভিত্তি ছাড়াই বিমানটি নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী। মামলায় তাঁর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, নোরার ভিডিও প্রকাশের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে বাড়তে থাকে বুকিং বাতিলের সংখ্যাও। এতে কোম্পানির সুনাম, গ্রাহকের আস্থা ও বাণিজ্যিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।
বিমানের নিরাপত্তা নিয়ে যা বলছে প্রতিষ্ঠানটি
নোরা যে বিমানটি নিয়ে মন্তব্য করেছিলেন, সেটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে ডিউন্স এভিয়েশন। প্রতিষ্ঠানটির ভাষ্য, বিমানটি সম্পূর্ণ নিরাপদ ও উড্ডয়নের উপযোগী। এটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অনুমোদিত এবং বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিটের আওতায় পরিচালিত হয়।
ডিউন্স এভিয়েশন বলেছে, একজন জনপ্রিয় তারকার এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিমানটির নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা তৈরি করেছে।
আদালতের কাছে যা চাওয়া হয়েছে
চলতি বছরের এপ্রিলে করা মামলায় নোরার কাছে তিন কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিমানটি নিয়ে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া এবং মন্তব্যের প্রকাশ্য ব্যাখ্যা দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে।
গান্ধীনগরের জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আর আগরওয়ালের আদালতে ২৫ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা। এ বিষয়ে এখনো নোরা ফাতেহির কোনো বক্তব্য পাওয়া যায়নি।