থাকা যাবে শাহরুখপত্নী গৌরীর বাড়িতে, প্রতি রাতে গুনতে হবে যত টাকা

গৌরী বাড়িটির নাম দিয়েছেন ‘দ্য চেস্টনাট গ্রোভ’ছবি: কোলাজ

শুধু শাহরুখপত্নী নয়, ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আলাদা সুনাম আছে গৌরী খানের। সম্প্রতি তিনি তাঁর এক পারিবারিক সম্পত্তির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। ভারতের হিমাচল প্রদেশের ডালহৌসিতে প্রায় শতবর্ষী বয়সী বাড়িটি সংস্কার করে অবকাশযাপনকেন্দ্রে রূপ দিয়েছেন তিনি। আর এ পুরো বাড়িটি প্রতি রাতের জন্য বুকিং দিতে হলে গুনতে হবে ১ লাখ ২০ হাজার রুপি।

শাহরুখ খান ও গৌরী
ছবি: ফেসবুক থেকে

গৌরী বাড়িটির নাম দিয়েছেন ‘দ্য চেস্টনাট গ্রোভ’। ছয় বেডরুমের এই বাড়িটি বর্তমানে তাঁর চাচা তেজিন্দর তিওয়ারি দেখাশোনা করেন। ১৯৩৩ সালে গৌরীর প্রপিতামহ সুরজ ভান তিওয়ারি এটি কিনেছিলেন। প্রায় ৮ হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত ভিলাটিতে রয়েছে বড় স্যুইট ধাঁচের কক্ষ ও প্রশস্ত কমন স্পেস।
গৌরীর কাছে এটি কেবল আরেকটি ডিজাইন কাজ নয়—শৈশবের ছুটির দিনগুলোর স্মৃতিবিজড়িত কেন্দ্র ছিল এই বাড়ি। তাঁর চাচাতো ভাই রুস্তম তিওয়ারি জানান, পরিবারের সবাই মিলে এখানে অনেক সময় কাটিয়েছেন, আর সেই ব্যক্তিগত সম্পর্কই বাড়িটির নকশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

বর্তমানে ‘দ্য চেস্টনাট গ্রোভ’ ভাড়ার জন্য উন্মুক্ত। মৌসুমভেদে কক্ষভাড়া প্রতি রাতে ১৫ হাজার থেকে ২৫ হাজার রুপি পর্যন্ত, আর পুরো সম্পত্তি বুক করতে খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার রুপি।
প্রাকৃতিক সবুজে ঘেরা ভিলাটির নকশায় পুরোনো ঐতিহ্য ও আধুনিকতার মিশেল রাখা হয়েছে। কাচঘেরা লিভিং এরিয়া প্রাকৃতিক আলো ঢুকতে সাহায্য করে, রয়েছে বড় ফায়ারপ্লেস। শোবার ঘরগুলোর মধ্যে রয়েছে প্রাইভেট গার্ডেন রুম, কিং স্যুট ও অ্যাটিক স্যুট। কাঠ ও পাথরের ব্যবহার, আরামদায়ক বিছানা ও স্কাইলাইটযুক্ত ডাইনিং স্পেস পুরো জায়গাটিকে দিয়েছে আরামদায়ক আবহ।
রুস্তম তিওয়ারির ভাষায়, পুরোনো পারিবারিক বাড়ির আত্মাকে অক্ষুণ্ন রেখে সেটিকে আধুনিক বিলাসবহুল জীবনের উপযোগী করে তোলাই ছিল নকশার মূল ভাবনা।


টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে