ইমরান হাশমির পারিশ্রমিক ১০ গুণ বেশি! শাবানা আজমিকে টেক্কা দিয়েছেন দিশা

‘আওয়ারাপন ২’ সিনেমায় দিশা পাটানি ও ইমরান হাশমি। আইএমডিবি

বলিউড তারকা ইমরান হাশমির নতুন ছবি ‘আওয়ারাপন ২’ আজ ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে। এরই মধ্যে ছবির অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের বিস্তারিত সামনে এসেছে। ‘আওয়ারাপন ২’-এর জন্য ইমরান হাশমি মূল ছবির তুলনায় ১০ গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন বলে জোর শোনা যাচ্ছে। অন্যদিকে শাবানা আজমিকে দিশা পাটানির চেয়েও কম পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।

ইমরান হাশমি এ মুহূর্তে ‘আওয়ারাপন ২’ নিয়ে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে ১৯ বছর পর শিবম পণ্ডিতের চরিত্রে ফিরছেন ইমরান। তাই ইমরানকে আবার পুরোনো অবতারে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তাঁর ভক্তরা। এর পাশাপাশি ছবির অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে চর্চা।

‘আওয়ারাপন ২’ সিনেমার পোস্টার। আইএমডিবি

‘আওয়ারাপন ২’-এ ইমরান ছাড়া দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার, অনিরুদ্ধ রাওয়াল এবং পূরণ গাব্বিও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। ‘আওয়ারাপন ২’-এর জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন ইমরান হাশমি। তাঁকেই এই ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা বলা হচ্ছে।

‘আওয়ারাপন ২’ সিনেমায় শাবানা আজমি। আইএমডিবি

‘আওয়ারাপন ২’-এর জন্য ইমরান হাশমি মূল ছবির তুলনায় ১০ গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন। নিতিনের এই ছবির জন্য তিনি ১২ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। অন্যদিকে ২০০৭ সালের ‘আওয়ারাপন’ ছবির জন্য তিনি পেয়েছিলেন ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি। সে সময় সেটিই ছিল তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিকগুলোর একটি।

অন্যদিকে ‘আওয়ারাপন ২’-এর জন্য দিশা পাটানি পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। শাবানা আজমি পেয়েছেন ২ কোটি থেকে ৫ কোটি রুপির মধ্যে। ছবিতে তাঁকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে। তবে ছবির বাকি অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন

‘আওয়ারাপন’ ছবিটি মুক্তির সময় খুব একটা সাফল্য পায়নি, সময়ের সঙ্গে এটি হিন্দি সিনেমার অন্যতম কাল্ট ছবির মর্যাদা পেয়েছে। ছবিটিকে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হিসেবেও বিবেচনা করা হয়।

‘আওয়ারাপন’-এ শিবম পণ্ডিতের চরিত্রে ইমরান হাশমি দর্শকদের নজর কেড়েছিলেন। তাঁর চরিত্রের যন্ত্রণা দর্শকেরাও অনুভব করেছিলেন। এবার সেই শিবম পণ্ডিতই ‘আওয়ারাপন ২’-এ প্রতিশোধ নিতে ফিরছেন। ছবিটির বাজেট ২৫ থেকে ৩০ কোটি রুপি বলে জানা গেছে।