বালিতে দুর্ঘটনায় আহত অভিনেত্রী নুসরাত, মেরুদণ্ডের হাড়ে ভাঙন

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাছবি: ইনস্টাগ্রাম

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙেছে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার। বর্তমানে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অস্ত্রোপচারের জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন নুসরাতের জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী। বিবৃতিতে বলা হয়েছে, কাজ ও অবকাশযাপনের উদ্দেশ্যে বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। চিকিৎসকেরা আরও পরীক্ষা–নিরীক্ষা ও মূল্যায়নের পর তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করবেন।

সঞ্চিতা ত্রিবেদী বিবৃতিতে বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার তাঁর স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নুসরাতকে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি আমরা। সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে।’
তবে দুর্ঘটনাটি কবে, কোথায় ও কীভাবে ঘটেছে, তা বিবৃতিতে জানানো হয়নি। মুম্বাইয়ে তাঁকে কবে আনা হবে কিংবা অস্ত্রোপচার কবে হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।

মারজাওয়া ছবির দৃশ্যে সিদ্ধার্থ মালহোত্রা ও নুসরাত ভারুচা
ফেসবুক থেকে

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে নুসরাতের বালিতে আহত হওয়ার খবর প্রকাশিত হলেও আঘাতের ধরন সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কোনো কোনো প্রতিবেদনে শুটিংয়ের সময় দুর্ঘটনার কথা বলা হয়েছিল। তবে প্রথম আলোকে পাঠানো তাঁর জনসংযোগ কর্মকর্তার বিবৃতিতে শুটিং সেটে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

আঘাত ও অস্ত্রোপচারের কারণে সুস্থ হয়ে উঠতে নুসরাতের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন হবে বলে জানিয়েছে তাঁর জনসংযোগ দল। এ জন্য আগামী কয়েক সপ্তাহের কাজের সূচি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোন কোন কাজ পিছিয়ে যেতে পারে বা তাঁকে কত দিন বিশ্রামে থাকতে হবে, তা এখনো জানানো হয়নি।

‘ছোরি ২’ সিনেমায় নুসরাত ভারুচা। অ্যামাজন প্রাইম ভিডিও

বিবৃতিতে অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধও করা হয়েছে। চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠায় মনোযোগ দেওয়ার জন্য তাঁকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দিতে বলা হয়েছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ এবং শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাঁর জনসংযোগ দল বলেছে, উপযুক্ত সময়ে পরবর্তী তথ্য জানানো হবে।

নুসরাত ভারুচা
ইনস্টাগ্রাম

সম্প্রতি রেমো ডিসুজা পরিচালিত ও টাইগার শ্রফ অভিনীত একটি অ্যাকশন ছবিতে নুসরাতের যুক্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও রয়েছেন। নুসরাতের চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে বালি সফর বা দুর্ঘটনার সঙ্গে এই ছবির শুটিংয়ের কোনো সম্পর্ক আছে কি না, তা তাঁর জনসংযোগ কর্মকর্তার বিবৃতিতে উল্লেখ নেই।
২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাতের। পরে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ও ‘পেয়ার কা পঞ্চনামা’ তাঁকে পরিচিতি এনে দেয়। ‘পেয়ার কা পঞ্চনামা ২’ এবং ‘সোনু কে টিটু কি সুইটি’ তাঁর জনপ্রিয়তা আরও বাড়ায়।