জন্মদিনে জানা গেল রণবীরের নতুন খবর

রণবীর কাপুরইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিন। এ দিন জানা গেল অভিনেতার নতুন সিনেমার খবর। যশ রাজ ফিল্মসের আলোচিত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে দেখা যাবে রণবীর কাপুরকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছবিটির খল চরিত্রে দেখা যাবে রণবীরকে।

জানা গেছে, ‘ধুম ৪’ সিনেমার প্রাক্‌–প্রস্তুতির কাজ চলছে এখন। ২০২৫ ও ২০২৬ সালে চলবে ছবিটির শুটিং। প্রযোজক আদিত্য চোপড়া ছবিটি নিয়ে তাড়াহুড়া করতে চান না। তাই দীর্ঘদিন ধরে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

‘অ্যানিমেল’ ছবির পোস্টারে রণবীর কাপুর ও তৃপ্তি।ইনস্টাগ্রাম থেকে

ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, রণবীরের সঙ্গে আদিত্য ছবিটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা করেছেন। এরপরই ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ে সম্মতি দিয়েছেন তিনি। তবে ছবিতে রণবীর ছাড়া আর কোন তারকাকে দেখা যাবে, জানা যায়নি।

২০০৪ সালে ‘ধুম’ সিনেমার প্রথম কিস্তি মুক্তির পরই সাড়া ফেলে। তখন ছবিটির খল চরিত্রে দেখা যায় জন আব্রাহামকে।

পরে মুক্তি পায় ছবিটির আরও দুই কিস্তি। সেগুলোতে খল চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন ও আমির খান। ২০১৩ সালে ‘ধুম ৩’ মুক্তি পায়। এরপর এক দশক পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে নতুন খবর জানা যায়নি।

গত মাসে জানা যায়, ‘ধুম ৪’-এর খল চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা সুরিয়াকে। তবে এবার জানা গেল, সুরিয়া নন, ছবিটির খল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।

আরও পড়ুন

এটি ছাড়াও ‘অ্যানিমেল পার্ক’, ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামে রণবীর অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।