নিয়মিত অভিনয় না করেই কীভাবে ৭ হাজার কোটি রুপির মালিক জুহি

জুহি চাওলা। আইএমডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বই দশকের আলোচিত অভিনেত্রী তিনি। পর্দায় তাঁর হাসি, প্রাণবন্ত অভিনয় আর মিষ্টি কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শক। আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’, শাহরুখ খানের সঙ্গে ‘ডর’, ‘ইয়েস বস’ কিংবা অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’—নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। কিন্তু সময়ের সঙ্গে অভিনয়ে ব্যস্ততা কমিয়েছেন তিনি। এখন আর নিয়মিত সিনেমায় দেখা যায় না তাঁকে। অথচ সম্পদের হিসাব সামনে এলে বলিউডের অনেক সমসাময়িক তারকাকেই পেছনে ফেলেছেন এই অভিনেত্রী। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, জুহি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি।

আজ ১৩ নভেম্বর, জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্ম নেওয়া অভিনেত্রী এবার ৫৯ বছরে পা দিলেন। জন্মদিনের আগে তাঁকে নিয়ে আলোচনার বড় কারণ অবশ্য অভিনয় নয়, বরং তাঁর বিপুল সম্পদ। এই হিসাব তাঁকে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের শীর্ষে জায়গা দিয়েছে। তালিকায় তাঁর ওপরে রয়েছেন কেবল শাহরুখ খান।

পর্দার নায়িকা থেকে ব্যবসার অংশীদার
জুহির এই সম্পদের গল্প বুঝতে হলে ফিরে যেতে হবে তাঁর ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে—ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে পরিচয় ও বিয়ে। জয় মেহতা ভারতের পরিচিত শিল্পোদ্যোক্তাদের একজন। মুম্বাইভিত্তিক মেহতা গ্রুপের ব্যবসা বিস্তৃত চারটি মহাদেশে। সিমেন্ট ও নির্মাণসামগ্রী, প্যাকেজিং, চিনি, কৃষি, ফুল চাষ, প্রকৌশল, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন খাতে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবসা।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিল্পপ্রকৌশলে স্নাতক এবং সুইজারল্যান্ডের আইএমডি থেকে এমবিএ করা জয় মেহতা দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। মেহতা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন তিনি। সিমেন্টশিল্পেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

জুহি ও জয়ের পরিচয় হয়েছিল সিনেমায় জুহির অভিষেকেরও আগে। পরে এক বন্ধুর আয়োজিত নৈশভোজে আবার দেখা হয় তাঁদের। এরপর জুহিকে মুগ্ধ করতে নানা চেষ্টা চালান জয়। এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, প্রতিদিন চিঠি, ফুল আর উপহার পাঠাতেন জয়। এক জন্মদিনে তো এক ট্রাক লাল গোলাপ পাঠিয়েছিলেন। সেই ফুল দেখে জুহির প্রশ্ন ছিল, এত ফুল দিয়ে তিনি কী করবেন! শেষ পর্যন্ত প্রায় এক বছর পর জয়ের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন অভিনেত্রী।

১৯৯৫ সালে বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের খবর দীর্ঘদিন গোপন রেখেছিলেন জুহি। তখন তিনি বলিউডে প্রতিষ্ঠিত হচ্ছিলেন, একের পর এক সফল সিনেমায় অভিনয় করছেন। তাঁর ভয় ছিল, বিয়ের খবর প্রকাশ্যে এলে অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক সাক্ষাৎকারে জুহি বলেছিলেন, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। তাই বিয়েটা সবার আড়ালে রাখার সিদ্ধান্ত নেন। পরে ২০০১ সালে প্রথম সন্তান জন্মের সময় তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির দুই সন্তান—জাহ্নবী ও অর্জুন।

শাহরুখের সঙ্গে ক্রিকেটের ব্যবসা
জুহির সম্পদের হিসাবের সবচেয়ে আলোচিত অংশের নাম কলকাতা নাইট রাইডার্স। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কেনার নিলামে অংশ নেন শাহরুখ খান ও জুহি চাওলা। তাঁদের সঙ্গে যুক্ত ছিলেন জয় মেহতাও। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা পরিবারের ব্যবসায়িক স্বার্থ মিলিয়ে গড়ে ওঠে এই অংশীদারত্ব।

শুরুতে এটি ছিল ক্রিকেটের একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সময়ের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স পরিণত হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াবাণিজ্যের পরিচিত ব্র্যান্ডে। আইপিএলে তিনবার শিরোপা জিতেছে দলটি। ২০২৪ সালের আসরে শিরোপা জয়ের পর দলটির বাণিজ্যিক পরিচিতিও আরও শক্তিশালী হয়।

জুহি চাওলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তবে তাঁদের ব্যবসা শুধু কলকাতার দলেই সীমাবদ্ধ নেই; নাইট রাইডার্স গ্রুপের অধীন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে। ক্রিকেটকে কেন্দ্র করে বিনোদন, বিপণন ও আন্তর্জাতিক ব্যবসার যে সমন্বয় তৈরি হয়েছে, সেটিই জুহির সম্পদের বড় ভিত্তি।

২০২৫ সালের হুরুন তালিকা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে জুহি ও তাঁর পরিবারের সম্পদ ৬৯ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে তাঁদের সম্পদের পরিমাণ যেখানে আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি ছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। এই বৃদ্ধির পেছনে নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রেড চিলিজ থেকে বিনোদন ব্যবসায়
শাহরুখ খানের সঙ্গে জুহির ব্যবসায়িক সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়; দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। পরে শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি। প্রতিষ্ঠানটি সিনেমা প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসাতেও বড় অবস্থান তৈরি করেছে।
জুহি ও শাহরুখের বন্ধুত্বের শুরু অবশ্য সিনেমার সেটে। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’—একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তাঁরা। পর্দার সেই রসায়ন পরে ব্যবসায়িক অংশীদারত্বেও রূপ নিয়েছে। তারকা হিসেবে পরিচিতি কাজে লাগিয়ে কীভাবে বিনোদনশিল্পের বাইরেও ব্যবসার ক্ষেত্র তৈরি করা যায়, তাঁদের অংশীদারত্ব তার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

অপমান থেকে শুরু
সবকিছু শুরু হয়েছিল সন্তানদের অপমানের মুহূর্ত দিয়ে। ‘তোমার মা-বাবার দল র‍্যাঙ্কিংয়ে শেষে’—এ কথাই তাতিয়ে দেয় জুহিকে। অভিনেত্রীদের সন্তানদের স্কুলের অনেকেই বলত কথাটা। কারণটা আর কিছুই নয়, কলকাতা নাইট রাইডার্সের পরাজয়।
জুহি চাওলা, তাঁর স্বামী জয় মেহতা শাহরুখ খানের সঙ্গে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। কিন্তু আইপিএলের প্রাথমিক বছরগুলোয় কলকাতা নাইট রাইডার্স কেবলই হারত। বেশির ভাগ মৌসুমে জায়গা হতো তলানিতে।  

জয় মেহতা ও জুহি চাওলা। আইএমডিবি

জুহি চাওলা বহুবার বলেছেন, সেই সময় বাড়িতে খুবই কঠিন অবস্থা ছিল। তাঁর সন্তানেরা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ত, যেখানে মুম্বাই ইন্ডিয়ানস সমর্থকদের পরিবেশ ছিল। প্রতিবার যখন কেকেআর হেরে যেত, তারা ক্লাসে ফিরত, যেখানে আম্বানিদের মালিকানাধীন দল (মুম্বাই ইন্ডিয়ানস) জিতত; হাসাহাসি চলত।  
‘দ্য কপিল শর্মা শো’তে জুহি বলেছেন, কেকেআর যখন হারতে বসত, তিনি নীরবে প্রার্থনা শুরু করতেন। তবে একের পর এক ব্যর্থতা, স্কুলে সন্তানদের অপমানই ঘুরে দাঁড়াতে প্রেরণা জুগিয়েছে তাঁকে।

৭৫ মিলিয়ন ডলারের বাজি
আইপিএলের প্রথম নিলামের সময় জয় মেহতা ও শাহরুখ প্রায় ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কেনেন। লিগ তখন কাগজে ছিল। ছোট ফরম্যাট ক্রিকেট, চিয়ারলিডার এবং প্রাইম টাইমে কাজ করবে কি না, কেউই নিশ্চিত ছিলেন না। অভিজ্ঞ ব্যবসায়ী বন্ধুরা বলেছিলেন, জয় পাগল হয়ে গেছেন। কিন্তু জুহি ঝুঁকিটা নিয়েছিলেন। তখন তিনি আর সেভাবে অভিনয়ে নেই। তাঁকে এমন কিছু করতে হতো, যেখানে ঝুঁকি আছে; কিন্তু সফল হলে সবকিছু বদলে যাবে।

ড্রিমজ আনলিমিটেডের ব্যর্থতার পর অনেকেই জুহিকে না করেছেন এত বড় ঝুঁকি নিতে; কিন্তু অভিনেত্রী সেসব থোড়াই কেয়ার করেছেন। এখন সেই কেকেআরের মূল্য প্রায় ৯ হাজার কোটি রুপির বেশি। প্রতি মৌসুমেই এই আয় ফুলেফেঁপে উঠছে। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু হু হু করে বেড়েছে।
যে অভিনয় তাঁকে পরিচিতি দিয়েছিল

১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বিনোদনজগতে যাত্রা শুরু জুহির। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা জাতীয় পোশাকের পুরস্কারও পেয়েছিলেন। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক। তবে প্রকৃত পরিচিতি আসে ১৯৮৮ সালে, আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় অভিনয়ের পর। ছবিটি তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন। ‘লুটেরে’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ইয়েস বস’ ও ‘ইশক’—তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য সিনেমা। বিশেষ করে কমেডিতে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় ও সংলাপ বলার ধরন দর্শকদের কাছে তাঁকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ সিনেমার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার।

একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন জুহি। কিন্তু বিয়ের পরও অভিনয় ছাড়েননি; বরং ধীরে ধীরে বেছে বেছে কাজ করতে শুরু করেন।

আরও পড়ুন

পরিবেশ নিয়েও সোচ্চার
পরিবেশ সংরক্ষণ নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন জুহি। বিশেষ করে শব্দদূষণ ও প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে সরব। মুম্বাইয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সময় প্রচার চালিয়েছেন। পরিবেশবান্ধব জীবনযাপন এবং বৃক্ষরোপণের পক্ষেও কথা বলেছেন। পরিবেশ নিয়ে তাঁর সক্রিয়তার আরেকটি বড় দিক হলো শিশুদের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি।

অভিনয়ে অনিয়মিত
অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি জুহি। গত কয়েক বছরে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও হাজির হয়েছেন নতুন নতুন চরিত্রে।
২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাশ হাশ’ দিয়ে ওটিটিতে গুরুত্বপূর্ণ এক নতুন অধ্যায় শুরু করেন জুহি। এটি ছিল তাঁর প্রথম ওয়েব সিরিজ। তনুজা চন্দ্রা পরিচালিত এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কামরা, শাহানা গোস্বামী ও কারিশমা তান্না।

২০২২ সালেই মুক্তি পায় ‘শর্মাজি নমকিন’। ঋষি কাপুরের মৃত্যুর আগে শুরু হওয়া ছবিটির বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। পরিচালক হিতেশ ভাটিয়ার এই ছবিতে জুহি চাওলাকে দেখা যায় মিসেস মানচান্দার চরিত্রে।
২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’ সিরিজেও অভিনয় করেছেন জুহি। শিব রাওয়াইল পরিচালিত চার পর্বের এই সিরিজের গল্প ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে। ভয়াবহ বিপর্যয়ের রাতে সাধারণ মানুষের জীবন বাঁচাতে রেলকর্মীদের সাহসী ভূমিকার কাহিনি তুলে ধরা হয়েছে এতে।

একই বছর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘ফ্রাইডে নাইট প্ল্যান’। ভাতসল নীলকান্তন পরিচালিত এই কমেডি-ড্রামায় জুহি অভিনয় করেছেন দুই কিশোরের মায়ের চরিত্রে। তাঁর দুই ছেলের ভূমিকায় ছিলেন বাবিল খান ও অমৃত জয়ন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আইএমডিবি ও ইন্ডিয়া টুডে অবলম্বনে