একটিও হিট সিনেমা নেই, ৪৩৬ কোটি টাকার মালিক এই অভিনেতা
তাঁর বাবা বিখ্যাত চিত্রনাট্যকার, এক ভাই বলিউডের অন্যতম বড় তারকা। আরেক ভাই অভিনেতা ও প্রযোজক। তবে তিনি অভিনয়ে নাম কামাতে পারেননি। এমনকি ২০টি ফ্লপ ছবিতেও অভিনয়ের রেকর্ড আছে। কে এই অভিনেতা? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে জেনে নেওয়া যাক বিস্তারিত।
এই বলিউড অভিনেতা আরও কেউই নন, সোহেল খান। তাঁর বাবা সেলিম খান, অন্য দুই ভাই সালমান ও আরবাজ খান।
পরিবারের অন্যদের মতো অভিনয়ে এসেছিলেন সোহেল। ২০০২ সালে মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’। এরপর তাঁকে দেখা যায় ‘ডরনা মানা হ্যায়’, ‘কৃষ্ণা কটেজ’, ‘আরিয়া’ ইত্যাদি সিনেমায়। তাঁর সর্বশেষ উল্লেখযোগ্য সিনেমা ‘টিউবলাইট’। তবে অভিনেতা হিসেবে নাম কামাতে পারেননি সোহেল। একক নায়ক হিসেবে একটিও হিট ছবি উপহার দিতে পারেননি।
অভিনয়ের পাশাপাশি ১৯৯৮ সাল থেকে চলচ্চিত্র প্রযোজনাও করে আসছেন তিনি। এখানেও খুব বেশি সাফল্য পেয়েছেন, বলা যাবে না। তবে অভিনেতা সোহেলের চেয়ে প্রযোজক সোহেলের সাফল্য বেশি।
এ ছাড়া ১৯৯৭ সাল থেকে পরিচালনা করছেন তিনি। ১৯৯৭ সালে তাঁর পরিচালনায় ‘অওজার’ মুক্তি পায়। পরিচালনায় সোহেলের পরিচালনায় বেশ কয়েকটি সিনেমায় সালমান খান অভিনয় করেছেন। ২০১৪ সালে সোহেল পরিচালিত সালমান অভিনীত সিনেমা ‘জয় হো’ ভালোই ব্যবসা করে।
এ ছাড়া ১৯৯৮ সাল থেকে লেখক হিসেবেও বেশ কয়েকটি সিনেমায় যুক্ত ছিলেন সোহেল খান।
অভিনেতা হিসেবে ব্যর্থ হলেও প্রযোজক হিসেবে কিছুটা সাফল্য পেয়েছেন। তার সংস্থা সোহেল খান প্রডাকশনের সম্পদের পরিমাণ ৩৩৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৬ কোটি টাকা।