হত্যার হুমকি: নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান
এর আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকি ভরা চিঠি পেয়ে রাতের ঘুম ছুটে গিয়েছিল মুম্বাই পুলিশ প্রশাসনের। গত ১৮ মার্চ আবার সালমান খানকে হুমকি দেওয়া হয়। তবে ঘটনার এক সপ্তাহ পরেই ই-মেইলে হুমকি দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার পর নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নিশান ব্র্যান্ডের গাড়িটি দুনিয়ার অন্যতম ব্যয়বহুল গাড়ি।
আগে থেকেই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন সালমান খান। তবে এবার কিনেছেন আরও অত্যাধুনিক গাড়ি। জানা গেছে, নিশান ব্র্যান্ডের যে গাড়িটি অভিনেতা কিনেছেন, সেটি এখনো ভারতের বাজারে পাওয়া যায় না। সালমান সেটি ব্যক্তিগতভাবে বিদেশ থেকে আমদানি করেছেন।
সালমানের কেনা গাড়িটি মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয়। কেবল এটিই নয়, সালমানের গ্যারেজে বিলাসবহুল আরও বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। নতুন কেনা গাড়ি নিয়ে অভিনেতার মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে গত ১৮ মার্চ সালমানকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের এক সদস্য সালমানকে হত্যার হুমকি ভরা ই-মেইল করেছিলেন, তা জানা ছিল মুম্বাই পুলিশের। কিন্তু সেই ব্যক্তি কে, তা নিয়ে ধোঁয়াশায় ছিল পুলিশ। মুম্বাই আর যোধপুর পুলিশ একসঙ্গে তদন্ত শুরু করেছিল।
অবশেষে পুলিশ সেই অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় বের করে। যোধপুরের লুনি এলাকার ২১ বছরের যুবক ধাকড় রাম বিষ্ণোই ই-মেইলটি পাঠিয়েছিলেন। গত ২৬ মার্চ যোধপুর পুলিশ অভিযুক্ত ধাকড় রামকে মুম্বাই পুলিশের হাতে তুলে দিয়েছিল।
এদিকে সালমান এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রচারে। ছবিটি এবারের ঈদে মুক্তি পাবে। ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে।