ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নির্বাচনে প্রভাবের অভিযোগে সিনেমাটি নিষিদ্ধ করার দাবি
তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটির মুক্তি বন্ধের দাবিতে বিষয়টি এখন গড়িয়েছে মাদ্রাজ হাইকোর্টে। একদল আবেদনকারী আদালতের দ্বারস্থ হয়ে অবিলম্বে ছবিটির মুক্তিতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন।
আবেদনকারীদের অভিযোগ, ছবির কাহিনি ও উপস্থাপন এমনভাবে নির্মিত, যা ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। তাঁদের আশঙ্কা, নির্বাচনের ঠিক আগে এই ছবি মুক্তি পেলে তা রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং ভোটারদের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ছবিটির মুক্তি স্থগিত রাখা জরুরি বলে মনে করছেন তাঁরা।
মামলায় আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় এ ধরনের কনটেন্ট পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলতে পারে। ফলে এ ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, বিষয়টি নিয়ে শিগগিরই মাদ্রাজ হাইকোর্টে শুনানি হতে পারে। আদালত কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর সবার।
এদিকে সিকুয়েল ‘ধুরন্ধর ২’ নিয়েও একের পর এক আইনি জটিলতা তৈরি হচ্ছে। রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই ছবির বিরুদ্ধে শিখ ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। শিবসেনা নেতা গুরজ্যোত সিং কির এই অভিযোগ তুলে নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছেন।
এর আগে ছবিটির শুটিং চলাকালে বিনা অনুমতিতে ড্রোন ব্যবহারের অভিযোগেও আইনি ঝামেলায় পড়তে হয়েছিল নির্মাতাদের। এমনকি ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে হিন্দুত্ববাদ প্রচারের অভিযোগও একাধিকবার উঠেছে।
তবে বিতর্কের মধ্যেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’। ১৯ মার্চ মুক্তির পর থেকে দেশ–বিদেশে ছবিটি দারুণ ব্যবসা করছে। মুক্তির পঞ্চম দিনে ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে ৬৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৮২৯ কোটি ৭৬ লাখ রুপিতে।
আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিং ও সারা অর্জুন ছাড়া অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত ও রাকেশ বেদি। বিতর্ক ও আইনি লড়াইয়ের মধ্যেও ছবিটির এই বাণিজ্যিক সাফল্য এখন আলোচনার কেন্দ্রে।