শাহরুখকে ‘আনফলো’ করলেন করণ! কারণ জানালেন নিজেই

শাহরুখ খান ও করণ জোহর। ইনস্টাগ্রাম থেকে

গতকাল বৃহস্পতিবার বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা করণ জোহর তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেন। এর পাশাপাশি আরও বেশ কয়েকজন নামী তারকাকেও তিনি ‘আনফলো’ করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। করণ নিজেই এর কারণ জানিয়েছেন।

করণ জোহর হঠাৎই বেশ কিছু বিটাউন তারকাকে ‘আনফলো’ করার ঘটনায় অনুরাগীদের মনে নানান প্রশ্ন উঁকি দেয়। সবচেয়ে বড় কথা, এই চিত্রনির্মাতা যাঁদের ‘আনফলো’ করেছেন, তাঁরা প্রত্যেকেই তাঁর প্রিয় মানুষ। তাই করণের এ সিদ্ধান্তে অনেকেই অবাক হন। নেট জনতার অনুমান, এই সব তারকার সঙ্গে করণ জোহরের মনোমালিন্য হয়েছে, তাই তিনি তাঁদের সবাইকে ‘আনফলো’ করেছেন। অতীতে তারকাদের মধ্যে এমনই হয়েছে বলে সবাই এটাকেই কারণ ভেবে নিয়েছিলেন। আবার কারও কারও মতে, এটা কোনো ‘পিআর স্টান্ট’ নয় তো? তবে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়েছেন খোদ করণ। তিনি এবার নিজেই এমন করার আসল কারণ প্রকাশ করেছেন। এ নিয়ে তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টও শেয়ার করেছেন।

মুম্বাইয়ে উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান। এএফপি

গভীর রাতে পোস্ট
গতকাল গভীর রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন করণ। এ পোস্টে তিনি লিখেছেন, ‘এটি একটি ডিজিটাল ডিটক্স। ইনস্টাগ্রামে নিজের সময় ও এনার্জি কম খরচ করার জন্য আমি সবাইকে “আনফলো” করছি।’

করণ জোহর
ফেসবুক পেজ থেকে

শাহরুখ ছাড়া আর কে কে
শাহরুখ খান ছাড়া করণ জোহর ইনস্টাগ্রামে অনেক নামীদামি তারকা আর তাঁর কাছের মানুষদের ‘আনফলো’ করেছেন। এ তালিকায় আছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নাম। তবে সবচেয়ে মজার বিষয় যে তিনি এখনো প্রিয়াঙ্কা চোপড়াকে ‘ফলো’ করছেন। বর্তমানে করণ মাত্র ৭৪ জনকে ফলো করছেন। এর মধ্যে তাঁর ঘনিষ্ঠ বন্ধু কারিনা কাপুর খান ও মালাইকা অরোরাও রয়েছেন।

আরও পড়ুন

সম্প্রতি করণ জোহর প্রযোজিত ছবি ‘চাঁদ মেরা দিল’ মুক্তি পেয়েছে। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনন্যা পাণ্ডে ও লক্ষ্য। বক্স অফিসে ছবিটি মোটামুটি সাড়া পাচ্ছে। তাঁর প্রযোজনায় ‘নাগজিলা’ নামে একটি ছবিও তৈরি হচ্ছে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন কার্তিক আরিয়ান।