প্রেম ভাঙার গুঞ্জনে কী বললেন ‘প্রেমাম’ নায়িকা
ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন ‘প্রেমাম’ অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।
অনুপমার দাবি, পোস্টগুলো কোনো সম্পর্ক নিয়ে ছিল না। বরং একজন নারী হিসেবে নিজের পরিবর্তন ও আত্ম-উপলব্ধির কথাই তিনি বলতে চেয়েছেন।
সম্প্রতি তেলেগু সিনেমা ‘ক্রেজি কল্যাণম’–এর টিজার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন অনুপমা। তিনি বলেন, ‘এটা আমার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। সেখানে কী পোস্ট করব, সেটা আমি ঠিক করব। আমি কোনো ক্ষোভ প্রকাশ করিনি। একজন নারীর জীবনের পরিবর্তনের একটি অধ্যায় নিয়ে কথা বলেছি। আর সেটা করতে পেরে আমি গর্বিত।’
পোস্টগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অনুপমা বলেন, ‘আমার সম্পর্কে আপনি কী জানেন? আমার জীবন সম্পর্কে আপনি কী জানেন? এটা আমাদের ইনস্টাগ্রাম। আমরা যা ইচ্ছা, তাই পোস্ট করব।’
প্রায় পাঁচ মাস পর সম্প্রতি ইনস্টাগ্রামে ফিরে ভয় কাটিয়ে ওঠা, পরিবর্তনকে গ্রহণ করা এবং নতুনভাবে শুরু করার মতো বিষয় নিয়ে কয়েকটি পোস্ট করেন অনুপমা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর কথিত সম্পর্ক ভেঙে গেছে। তবে অনুপমার বক্তব্যের পর সেই জল্পনা নতুন মোড় নিয়েছে।
অনুপমা ও ধ্রুব ২০২৫ সালে তামিল সিনেমা ‘বাইসন: কালামাডান’–এ একসঙ্গে অভিনয় করেন। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। একই বছরের এপ্রিলে তাঁদের একটি যৌথ স্পটিফাই প্লেলিস্ট নজরে আসে। পরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা হওয়া নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
সবশেষ অনুপমাকে দেখা গেছে তেলেগু রহস্য–অপরাধভিত্তিক সিনেমা ‘মারিচিকা’–তে। তাঁর নতুন সিনেমা ‘ক্রেজি কল্যাণম’ একটি পারিবারিক রোমান্টিক গল্প। ছবির পটভূমি একটি বিয়ে। এটি পরিচালনা করেছেন বদ্রাপ্পা গাজুলা। এতে আরও অভিনয় করেছেন নরেশ, তরুণ ভাস্কর ও অখিল উদ্দেমারি।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমাম’ সিনেমায় অভিনয় করে ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও পরিচিতি পান এই তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে