‘প্রতিটি হানিমুন কি সুইজারল্যান্ডেই হতে হবে?’
পশ্চিম এশিয়ার চলমান সংঘাত এবং সম্ভাব্য অর্থনৈতিক চাপের আবহে এবার ভারতীয় চলচ্চিত্রশিল্পকে খরচ কমানোর বার্তা দিলেন ভারতীয় চলচ্চিত্র–দুনিয়ার প্রভাবশালী অভিনেতা কমল হাসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশবাসীর কাছে পেট্রল-ডিজেল সাশ্রয়, সোনা না কেনা এবং বিদেশ সফর এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। এর পরপরই অভিনেতা-সংসদ সদস্য কমল হাসানও ইন্ডাস্ট্রিকে ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ কমানোর আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে কমল হাসান বলেছেন, ভারতীয় চলচ্চিত্রশিল্পকে এখন নিজেদের খরচের ধরন নতুন করে ভাবতে হবে। বিশেষ করে পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে জ্বালানি, শক্তি ও লজিস্টিক খাতে যে চাপ তৈরি হচ্ছে, তার প্রভাব সিনেমাশিল্পেও পড়তে পারে। এই পরিস্থিতিতে তিনি চলচ্চিত্র নির্মাতাদের অযথা বিলাসিতা ও অহেতুক খরচ কমানোর অনুরোধ জানিয়েছেন।
বিদেশে শুটিং করার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন কমল হাসান। তাঁর কথায়, ‘প্রতিটি প্রেমের গল্প কি শুধু প্যারিসেই গড়ে উঠতে পারে? প্রতিটি হানিমুন কি শুধু সুইজারল্যান্ডেই হতে হবে? রোমান্স দেখাতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ভারতীয় সিনেমা, আর ভারতীয়দের নিজেদের দেশ এবং নিজেদের ওপর আরও বেশি ভরসা দেখানো উচিত।’
কমল হাসান আরও বলেন, ‘সিনেমার জন্য যে প্রতিটি রুপি খরচ করা হচ্ছে, তা যেন সত্যিই ছবির প্রয়োজনে হয়, শুধু আতিশয্য দেখানোর জন্য নয়।’ তিনি স্পষ্ট করেন, কোনোভাবেই এই ব্যয়সংকোচনের প্রভাব শ্রমিকদের বেতন, নিরাপত্তা, সম্মান, খাবার, পরিবহন, বাসস্থান বা কাজের পরিবেশের ওপর পড়া উচিত নয়। তাঁর মতে, ‘সবচেয়ে বেশি পরিশ্রম করা মানুষদের ওপর এই বোঝা চাপানো যায় না।’
এই অভিজ্ঞ অভিনেতা আরও বলেন, ইন্ডাস্ট্রির উচিত অপচয়, খারাপ পরিকল্পনা, অপ্রয়োজনীয় বিলাসিতা, বিদেশ সফর এবং শুটিংয়ে অযথা দেরি কমানোর দিকে নজর দেওয়া। একই সঙ্গে তিনি আরও বাস্তবসম্মত ও টেকসই প্রোডাকশন পদ্ধতির কথা বলেন, যার মধ্যে রয়েছে কড়া শুটিং শিডিউল, উন্নত শৃঙ্খলা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং সম্ভব হলে বিদেশ সফরে কাটছাঁট।
কমল হাসানের মতে, ‘আজ যদি আমরা সিনেমার অর্থনীতি রক্ষা করতে পারি, তাহলেই আগামী দিনে সিনেমার ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব হবে।’
অভিনেতা জানিয়েছেন, বাজার এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি, অথচ ছবির বাজেট ক্রমাগত বেড়েই চলেছে। এর ফলে আগামী দিনে দর্শকদের বিনোদনে খরচের ধরনও বদলে যেতে পারে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে ইন্ডাস্ট্রির সবাইকে একসঙ্গে বসে সমাধানের পথ খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।
কমল হাসানকে শেষবার দেখা গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত ছবি ‘ঠগ লাইফ’-এ। রজনীকান্তের সঙ্গে এক ছবিতে তাঁকে আগামী দিনে দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। এ ছাড়া তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েলে অভিনয় করছেন। সেই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন প্রভাস এবং অমিতাভ বচ্চন। নাগ অশ্বিন পরিচালিত ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ‘কল্কি ২’ আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা।