৬৭ বছর বয়সে বিয়ের কথা ভাবছেন সেই ‘শক্তিমান’

‘শক্তিমান’ চরিত্রে মুকেশ খান্না। এক্স থেকে

নব্বই দশকে ভারতের টিভিতে প্রচারিত সিরিয়ালে সুপারহিরো ‘শক্তিমান’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল! ঘড়ির কাঁটার সময় ধরে টেলিভিশনের পর্দায় চোখ রাখত প্রত্যেকে। টিআরপি চার্টে একচেটিয়া রাজত্ব করা সেই সিরিয়ালকে সিনেমার আকারে তৈরির পরিকল্পনাও চলছে। সিনেমাটির প্রস্তুতি যখন চলছে, এর মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ‘শক্তিমান’ অভিনেতা মুকেশ খান্না।

৬৭ বছর বয়সেও অবিবাহিত মুকেশ। ষাটোর্ধ্ব মুকেশ এবার জীবনটাকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন মুকেশ খান্না। সেখানেই শোর সঞ্চালক জানতে চান, সত্তর ছুঁই ছুঁই, তবু কেন অবিবাহিত? বিন্দুমাত্র সংকোচ না করে মুকেশ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজস্ব মতামত ব্যক্ত করেন। সম্পর্কের মূল্যবোধ, একাধিক সম্পর্কে লিপ্ত হওয়া, কারও প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া—সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেন মুকেশ খান্না।

মুকেশ খান্না। এক্স থেকে

বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হলেও বিয়ে নামক প্রতিষ্ঠানে দৃঢ় বিশ্বাসী। বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। বিয়ের জন্য কোনো নির্দিষ্ট বয়সের সীমা বেঁধে দেওয়ায় একেবারেই বিশ্বাসী নন মুকেশ। এখনো যোগ্য পাত্রীর খোঁজে পর্দার শক্তিমান। মুকেশ বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি। মানুষ ভাবে যদি কেউ বিয়ে না করে, তাহলে বোধ হয় বিয়ের প্রতি তাঁর কোনো আস্থা বা বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু এটা মোটেই ঠিক নয়। আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে অনেকের চেয়েও বেশি বিশ্বাস করি। কোনো পুরুষের জীবনে হঠাৎ করে স্ত্রীর আবির্ভাব ঘটে না। যাঁর ভাগ্যে যে লেখা থাকবে, সে–ই জীবনে আসবে। আমার ভাগ্যে যদি থাকত, তাহলে এত দিনে বিয়েটা হয়েই যেত। যে নারী আমার জন্য নির্ধারিত, সে কোথাও তো নিশ্চয়ই আছে। যখন ভাগ্য আমাদের মিলিয়ে দেবে, তখনই শুভ পরিণয় সুসম্পন্ন হবে।’

আরও পড়ুন

বিয়েকে দুই আত্মার মিলন বলেও ব্যাখ্যা করেন মুকেশ। তাঁর মতে, ‘সম্পর্ক অনেক হতে পারে, কিন্তু স্ত্রী একটাই। বিয়ে দুই আত্মার মিলন। ভালোবাসা জীবনে একবারই আসে। বাকি সব শুধু মোহমায়া। একজনকে প্রেম নিবেদন করে অন্য কারও কাছে চলে গেলে সেটাকে দ্বিচারিতা করা বলে।’

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে