শুটিংয়ে বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে বলিউড তারকা, এখনো সংকটাপন্ন

রাজেশ শর্মাছবি: আইএমডিবি

দক্ষিণি তারকা প্রভাসের সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটি সিনেমার শুটিং করছিলেন অভিনেতা রাজেশ শর্মা। সেখানেই বিষাক্ত একটি পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রাজেশ শর্মা
ছবি: আইএমডিবি

অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সঞ্চালক-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপা ও অগ্নিদেব জানান, শুটিং শেষ হওয়ার পর স্থানীয় কয়েকজন টেকনিশিয়ানের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজেশ। সেখানেই একটি পোকা তাঁকে কামড়ায়। প্রথমে বিষয়টিকে গুরুতর মনে না করায় তিনি শুটিং চালিয়ে যান। তবে প্রায় ছয় ঘণ্টা পর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়। পরে জ্বর ও শারীরিক অস্থিরতা বাড়লে তিনি বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন

পরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, রাজেশের জ্বর এখনো পুরোপুরি কমেনি। তিনি শ্বাসকষ্ট ও ডান পায়ের সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণটি পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে ফোসকা দেখা দিয়েছে। তাঁর ডায়াবেটিসও রয়েছে।

চিকিৎসকদের আশঙ্কা, জটিলতা বাড়লে রক্ত জমাট বেঁধে তা ফুসফুসে পৌঁছাতে পারে। তাই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

চিকিৎসক অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, রাজেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনই তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তিনি এখনো বিপদমুক্ত নন।

রাজেশ শর্মা
ছবি: আইএমডিবি

রাজেশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুদীপা ও অগ্নিদেব সবার প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এক বিবৃতিতে তাঁরা সংবাদমাধ্যম, বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম, রাজেশের বন্ধু-শুভানুধ্যায়ী এবং বিশেষ করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, এই কঠিন সময়ে প্রসেনজিৎ সব সময় পাশে থেকে সাহস ও সহযোগিতা করে যাচ্ছেন।