কঠোর নিরাপত্তার মধ্যেও আনুশকা-বিরাটের বিয়েতে অনুপ্রবেশকারী, এরপর যা হয়েছিল

২০১৭ সালে বিয়ে করেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলিফাইল ছবি

২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে একটি ঐতিহ্যবাহী রিসোর্টে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এ গোপন বিয়েতে কঠোর নিরাপত্তা ছিল। তবে আপনি কি জানেন, সেই নিরাপত্তাবলয়ের মধ্যেও ঘটেছিল একটি চাঞ্চল্যকর ঘটনা—বিয়ের ভেন্যুতে ঢুকে পড়েছিলেন এক অনুপ্রবেশকারী। সম্প্রতি নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বিষয়টি প্রকাশ করেছেন।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ইনস্টাগ্রাম

পডকাস্ট হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা সংস্থা ওয়াইকে সিকিউরিটির প্রতিষ্ঠাতা ইয়াসিন খান জানান, অভিজাত বেশভূষায় এক ব্যক্তি বিএমডব্লিউ গাড়িতে করে ভেন্যুতে আসেন, সঙ্গে ছিল আরও দুই বাউন্সার। শুরুতে তাঁকে সন্দেহ না হলেও গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা একপর্যায়ে সন্দেহ প্রকাশ করেন। পরে বিষয়টি ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে অবহিত করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে একজন অতিথির আত্মীয় বলে দাবি করেন। তবে তাঁর আচরণে অসংগতি লক্ষ করা যায়। তিনি অতিথিদের সঙ্গে ছবি তুলে আবার আলাদা হয়ে থাকতেন। পরে বিরাট কোহলির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, তিনি বিয়ের অনুষ্ঠানের নয়, পরবর্তী দিল্লি রিসেপশনের অতিথি তালিকায় ছিলেন।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এরপর ওই ব্যক্তিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়। যদিও শুরুতে তিনি আপত্তি জানান। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে বের করে দেন।

ইতালিতে সীমিত পরিসরে বিয়ের পর নয়াদিল্লিতে পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর মুম্বাইয়ে বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা।


পিঙ্কভিলা অবলম্বনে