শাহরুখের চেয়েও রণবীরে আগ্রহ বেশি, আলিয়া কত নম্বরে

‘রামায়ণ পার্ট ১’–এর রণবীর কাপুর। আইএমডিবি

ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘রামায়ণ পার্ট ১’। নীতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক মহাকাব্যে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা যশকে।

বিশ্বজুড়ে প্রতি মাসে ২৫ কোটির বেশি ব্যবহারকারীর পেজ ভিজিটের ভিত্তিতে আইএমডিবি এ তালিকা তৈরি করেছে। ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত যেসব ভারতীয় সিনেমার পেজে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে এবং যেগুলোর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি নিশ্চিত হয়েছে, সেগুলোই এ তালিকায় স্থান পেয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘আলফা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। একই সঙ্গে যশের আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে ‘কিং’, যার প্রধান আকর্ষণ শাহরুখ খান। অন্যদিকে অজয় দেবগনের মুক্তির অপেক্ষায় থাকা দুই সিনেমা ‘ধামাল ৪’ ও ‘দৃশ্যম ৩’ রয়েছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে

তালিকাটিতে ভাষাভিত্তিক বৈচিত্র্যও স্পষ্ট। ২০টি সিনেমার মধ্যে ১২টি হিন্দি, ৪টি তামিল, ২টি মালয়ালম, ১টি তেলেগু ও ১টি কন্নড় ভাষার। এর মধ্যে কেবল ‘ইক্কা’ই সরাসরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে; বাকি সব সিনেমার মুক্তি হবে প্রেক্ষাগৃহে।

‘রামায়ণ’ সম্পর্কে
ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে ‘রামায়ণ’। দুই কিস্তিতে নির্মিত এই মহাকাব্যিক সিনেমা ভারতীয় পুরাণের অন্যতম শ্রেষ্ঠ কাহিনি রামায়ণকে আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের ভিএফএক্স এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের মাধ্যমে বিশ্বের দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েছে। প্রথম পর্বে রামের শৈশব ও যৌবন, সীতার সঙ্গে তাঁর বিয়ে, অযোধ্যা থেকে ১৪ বছরের বনবাস এবং শেষ দিকে রাবণের হাতে সীতাহরণের ঘটনা পর্যন্ত কাহিনি দেখানো হবে। অর্থাৎ রাম-রাবণের চূড়ান্ত যুদ্ধ দ্বিতীয় পর্বের জন্য রাখা হয়েছে।

আরও পড়ুন

ছবিতে রাম হয়েছেন রণবীর, যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়, সীতা হয়েছেন সাই পল্লবী। এ ছাড়া আছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়ালসহ অনেকে। এই ছবির আরেকটি বড় চমক হলো সংগীত। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও ভারতীয় সুরকার এ আর রাহমান। চলতি বছরের দেওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটির প্রথম কিস্তি, পরেরটি আসবে আগামী বছর।

ভ্যারাইটি অবলম্বনে