৬৫ রুপি বেতনের স্কুলশিক্ষক থেকে প্যারিসের সুপারমডেল, অঞ্জলির অবিশ্বাস্য গল্প

কিংবদন্তি ফরাসি ডিজাইনার পিয়ের কারদাঁ তাঁকে দেখেই মুগ্ধ হয়েছিলেন। পরদিন থেকেই অঞ্জলি মেন্ডিস হয়ে গেলেন তাঁর হাউস মডেল। কোলাজ

একসময় বলা হয়েছিল, মডেল হওয়ার জন্য তিনি মোটেও উপযুক্ত নন। কারণ, তাঁর গায়ের রং খুব কালো, উচ্চতা খুব বেশি, শরীরও খুব রোগা। সেই সময় ভারতে প্রচলিত সৌন্দর্যের ধারণায় এগুলো ছিল বড় ‘ত্রুটি’। কিন্তু যেসব বৈশিষ্ট্যের জন্য নিজের দেশেই বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, কয়েক হাজার মাইল দূরের প্যারিসে গিয়ে সেগুলোই তাঁকে আলাদা করে দিল। কিংবদন্তি ফরাসি ডিজাইনার পিয়ের কারদাঁ তাঁকে দেখেই মুগ্ধ হয়েছিলেন। পরদিন থেকেই অঞ্জলি মেন্ডিস হয়ে গেলেন তাঁর হাউস মডেল।
৬৫ রুপি বেতনের কিন্ডারগার্টেন শিক্ষক থেকে প্যারিসের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠার এই যাত্রা যেন রূপকথার মতো। তবে সেই রূপকথায় ছিল প্রত্যাখ্যান, আর্থিক সংকট, পরিবারের শোক, নিঃসঙ্গতা এবং এক গভীর প্রেম হারানোর বেদনা।

দুরন্ত শৈশব, স্বপ্নটা ছিল অন্য রকম
অঞ্জলি মেন্ডিসের জন্মনাম ছিল ফিলিস মেন্ডিস। ১৯৪৬ সালের ২৯ জানুয়ারি ভারতের স্বাধীনতার ঠিক এক বছর আগে তাঁর জন্ম। গোয়ান ক্যাথলিক পরিবারে সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বাবা কেজেটান মেন্ডিস সুইস ঘড়ির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। মা সামলাতেন বড় সংসার। অর্থের দিক থেকে পরিবারটি সচ্ছল ছিল না, কিন্তু অঞ্জলির শৈশব ছিল প্রাণবন্ত।
ছোটবেলায় অঞ্জলি ছিলেন ভীষণ দুরন্ত। গাছে উঠতেন, ক্রিকেট খেলতেন, ছেলেদের সঙ্গে দৌড়ঝাঁপ করতেন। নিজের ভাষায়, ছেলেদের সামনে নিজেকে জাহির করার জন্য নানা কাণ্ড করতেন। তখন কে জানত, সেই দুরন্ত মেয়েটিই একদিন ইউরোপের অভিজাত ফ্যাশন অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করবেন!

তবে ছোটবেলা থেকেই অঞ্জলির শরীরের গড়ন অন্যদের চেয়ে আলাদা ছিল। তিনি ছিলেন অস্বাভাবিক লম্বা। স্কুলে উচ্চতা নিয়ে নানা মন্তব্য শুনতে হতো। ক্লাসে সামনে বসলে পেছনের শিক্ষার্থীদের দেখতে সমস্যা হতো, তাই তাঁকে প্রায়ই পেছনের বেঞ্চে বসতে হতো।

পড়াশোনাতে খুব ভালো ছিলেন না। বই পড়তেই বেশি ভালোবাসতেন। এনিড ব্লাইটন ও বারবারা কার্টল্যান্ডের বই ছিল অঞ্জলির পছন্দের। একবার পরীক্ষার ফল খারাপ হওয়ায় বন্ধুর কাছে আক্ষেপ করে বলেছিলেন, একদিন তিনি খুব বিখ্যাত হবেন। তখন হয়তো কথাটি কিশোরীর অভিমান বলে মনে হয়েছিল। কিন্তু কয়েক বছর পর সেটিই সত্যি হয়।

৬৫ রুপি বেতনের চাকরি
কলেজে পড়ার সময় পরিবারের আর্থিক সংকট বাড়তে থাকে। একপর্যায়ে পড়াশোনার খরচের জন্য মায়ের কাছে অতিরিক্ত টাকা চাইলে মা তাঁকে কাজ করার পরামর্শ দেন। তখন মডেলিংয়ের কথা তাঁর মাথাতেই ছিল না। একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতার চাকরি নেন। মাসে বেতন পেতেন মাত্র ৬৫ রুপি।

পরিস্থিতি আরও কঠিন হয়, যখন অঞ্জলির বাবার চাকরিও চলে যায়। পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ায় তাঁর কলেজের পড়াশোনা ছেড়ে দেন। পরে সচিব হওয়ার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে বিজ্ঞাপন জগতের পরিচিত ব্যক্তি ববি সিস্তারের সচিব হিসেবে কাজ শুরু করেন।

তখন অঞ্জলির চেহারা ছিল প্রচলিত মডেলদের থেকে একেবারেই আলাদা। চোখে মোটা চশমা, লম্বা হাত-পা, লম্বা চুল ও রোগা শরীর। অথচ পরে এই চেহারাই আন্তর্জাতিক ফ্যাশন–দুনিয়ায় তাঁর সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়।

মডেলিংয়ে আসা, সেটাও কাকতালীয়
মডেলিংয়ে অঞ্জলির প্রবেশ ছিল একেবারেই পরিকল্পনাহীন। একদিন বাসে যাওয়ার সময় এক তরুণীর সঙ্গে তাঁর দেখা হয়। ওই তরুণী তাঁকে একটি ম্যাগাজিনে প্রকাশিত ফ্যাশন শোর কথা বলেন এবং সেখানে অংশ নেওয়ার পরামর্শ দেন। কৌতূহল থেকে অঞ্জলি যোগাযোগ করেন ফ্যাশন শো সমন্বয়কারী জিনি নওরোজির সঙ্গে।
জিনি প্রথমেই অঞ্জলির চোখের চশমার দিকে নজর দেন। মডেলিং করতে হলে চশমা খুলতে হবে। অঞ্জলি কনট্যাক্ট লেন্স ব্যবহার শুরু করেন। এরপর একটি ফ্যাশন শোতে প্রথমবারের মতো র‍্যাম্পে হাঁটেন।

সেই সময় ভারতীয় ফ্যাশন–দুনিয়ায় জিনাত আমান, শোভা রাজাধ্যক্ষসহ কয়েকজন পরিচিত মুখ ছিলেন। শোভা রাজাধ্যক্ষই পরে লেখক ও কলামিস্ট শোভা দে নামে পরিচিত হন। অঞ্জলির সঙ্গে তাঁদের বন্ধুত্বও তৈরি হয়।
কিন্তু র‍্যাম্পে অঞ্জলির উপস্থিতি নিয়ে সবাই খুশি ছিলেন না। তাঁর গায়ের রং নিয়ে মন্তব্য করা হতো। এমনকি ফ্যাশন–জগতের মানুষদের মধ্যেও প্রশ্ন উঠেছিল, এত সুন্দর মেয়েদের মধ্যে কেন এমন কালো মেয়েকে বেছে নেওয়া হচ্ছে।
অঞ্জলি অবশ্য নিজের চেহারা বদলে ফেলার চেষ্টা করেননি। তাঁর লম্বা পা, দীর্ঘ শরীর, গাঢ় ত্বক—সবকিছুকেই নিজের পরিচয়ের অংশ হিসেবে গ্রহণ করেছিলেন। কিছুদিনের মধ্যেই ভারতীয় ফ্যাশন–জগতে পরিচিতি বাড়তে থাকে। একটি ফটোশুট থেকে প্রায় পাঁচ হাজার রুপি আয় করেন তিনি। সেই অর্থই তাঁকে আরও বড় স্বপ্ন দেখার সাহস দেয়।
স্বপ্নটা ছিল প্যারিস।

হাতে মাত্র ১৫০ ফ্রাঁ, গন্তব্য প্যারিস
১৯৭১ সাল। তখন প্যারিস বিশ্বের ফ্যাশন সাম্রাজ্যের অন্যতম কেন্দ্র। পিয়ের কারদাঁ, ইভ সাঁ লোরাঁ, গিভঁশি, উঙ্গারোর মতো ডিজাইনারদের নাম বিশ্বজুড়ে আলোচিত। সেই জগতে ভারতের এক তরুণীর প্রবেশ প্রায় অসম্ভব ব্যাপার।
অঞ্জলির হাতে ছিল রিটার্ন টিকিট আর মাত্র ১৫০ ফ্রাঁ। তবু তিনি প্যারিসে পৌঁছে গেলেন।

১৯৭১ সালের ৬ জুন প্যারিসে নামার পরদিনই সিদ্ধান্ত নিলেন পিয়ের কারদাঁর সঙ্গে দেখা করবেন। ভারতীয় পোশাক পরলেন—শাড়ি, খোঁপা, কপালে টিপ। এই সাজেই চলে গেলেন কারদাঁর বুটিকে।

সমস্যা হলো ভাষা। ফরাসি জানতেন না অঞ্জলি। ইংরেজিতে জানালেন, তিনি মডেল হতে চান। সেখানে থাকা কর্মীরা প্রথমে তাঁর কথা বুঝতেই পারেননি। ভারতীয় পোশাকে তাঁকে দেখে কেউ কেউ ভেবেছিলেন, তিনি হয়তো কোনো ভারতীয় রাজপরিবারের সদস্য।

শেষ পর্যন্ত একজন ইংরেজিভাষী কর্মীর মাধ্যমে তাঁর কথা বোঝা গেল। জানানো হলো, পিয়ের কারদাঁ বিকেল পাঁচটায় তাঁর সঙ্গে দেখা করবেন।
অঞ্জলি অপেক্ষা করতে থাকলেন। ঘণ্টার পর ঘণ্টা। সেদিন তাঁর হাতে টাকা ছিল খুব সামান্য। সকাল থেকে প্রায় কিছুই খাননি। অপেক্ষার সময় বই পড়েই কাটিয়েছিলেন।

কারদাঁর সেই ‘ফান্তাস্তিক’
বিকেল পাঁচটায় দরজা খুলে ঢুকলেন পিয়ের কারদাঁ। ফ্যাশন–জগতের কিংবদন্তি ডিজাইনারের সামনে দাঁড়িয়ে ভারতীয় তরুণী অঞ্জলি। কারদাঁ তাঁকে হাঁটতে বললেন।
অঞ্জলি শাড়ি পরেই হাঁটলেন। কারদাঁ তাঁর পায়ের দিকে তাকালেন। খেয়াল করলেন তাঁর দীর্ঘ শরীর ও লম্বা পা। শাড়িটি একটু ওপরে তুলে পা দেখাতেও বলেছিলেন তিনি। তারপরই কারদাঁর মুখে এল সেই শব্দ-‘ফান্তাস্তিক’।
আর অঞ্জলির জীবনের মোড় ঘুরে গেল। কারদাঁ তাঁকে পরদিন থেকেই নিজের হাউস মডেল হিসেবে কাজ করার প্রস্তাব দিলেন।

ভারতে যে গায়ের রং অঞ্জলির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, প্যারিসে সেটিই হয়ে গেল তাঁর আলাদা সৌন্দর্যের পরিচয়। ভারতে যে উচ্চতাকে সমস্যা বলা হয়েছিল, কারদাঁর পোশাক পরিয়ে সেটিই র‍্যাম্পে হয়ে উঠল তাঁর সবচেয়ে বড় শক্তি। রোগা শরীরটিও হয়ে উঠল আন্তর্জাতিক ফ্যাশনের উপযোগী।
অঞ্জলি তখন বুঝতে পারেন, সমস্যা আসলে তাঁর শরীরে ছিল না। সমস্যা ছিল মানুষের চোখে।

মডেল থেকে কারদাঁর মিউজ
প্যারিসে নতুন জীবন শুরু হলেও সবকিছু সহজ ছিল না। ভাষা জানতেন না, সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা, আর ফ্যাশন–দুনিয়ার প্রতিযোগিতাও ছিল তীব্র। তবু দ্রুত নিজেকে মানিয়ে নেন অঞ্জলি।
এ সময় অঞ্জলির নামও বদলে যায়। জন্মের নাম ফিলিস মেন্ডিস। আন্তর্জাতিক ফ্যাশন–দুনিয়ায় সহজে উচ্চারণ করা যায়, এমন একটি নাম দরকার ছিল। শেষ পর্যন্ত ‘অঞ্জলি’ নামটি বেছে নেওয়া হয়। সেই নামেই তিনি পরিচিত হয়ে ওঠেন।
পিয়ের কারদাঁর সঙ্গে অঞ্জলির সম্পর্ক শুধু পেশাগত ছিল না। কারদাঁ তাঁকে নিজের ফ্যাশন হাউসের অন্যতম গুরুত্বপূর্ণ মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রায় এক যুগ ধরে অঞ্জলি তাঁর হয়ে কাজ করেন। তাঁর জন্য বিশেষভাবে পোশাক তৈরি করা হতো।
একসময় অঞ্জলি শুধু কারদাঁর মডেল ছিলেন না, হয়ে ওঠেন তাঁর মিউজ।

কারদাঁর পাশাপাশি গিভঁশি, উঙ্গারো ও শাপারেলির মতো আন্তর্জাতিক ফ্যাশন প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন অঞ্জলি। সেই সময় আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে ভারতীয় নারীদের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। আর গাঢ় ত্বকের একজন ভারতীয় নারী হিসেবে অঞ্জলির সাফল্য ছিল আরও ব্যতিক্রমী। পরে তাঁকে ভারতের প্রথম আন্তর্জাতিক সুপারমডেলদের একজন হিসেবে স্মরণ করা হয়।

সাফল্যের মধ্যেও ব্যক্তিজীবনে শোক
পেশাগত সাফল্যের পাশাপাশি অঞ্জলির ব্যক্তিজীবনেও তখন নতুন অধ্যায় শুরু হয়েছিল। প্যারিসেই তাঁর সঙ্গে পরিচয় হয় এক ইংরেজ পুরুষের। সম্পর্কটি ধীরে ধীরে গভীর হয়। একসময় তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। অঞ্জলি তখন ক্যারিয়ারের শীর্ষে। সামনে আন্তর্জাতিক ফ্যাশনের উজ্জ্বল ভবিষ্যৎ, আর ব্যক্তিজীবনে ভালোবাসার মানুষটি পাশে।

কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের আগেই অঞ্জলির প্রেমিক ক্যানসারে আক্রান্ত হন। অসুস্থতা দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত মারা যান তিনি।
অঞ্জলির জীবনে এটি ছিল ভয়াবহ ধাক্কা। যে মানুষটির সঙ্গে তিনি ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, সেই মানুষটিই হঠাৎ চলে গেলেন। অঞ্জলি পরে জানিয়েছিলেন, সেই সময় তাঁর জীবনের অর্থই যেন হারিয়ে গিয়েছিল। এরপরও তিনি জীবন থামিয়ে রাখেননি। কিন্তু সেই সম্পর্কের পর আর বিয়ে করেননি।
ব্যক্তিগত জীবনের এই শোকের পাশাপাশি একের পর এক পরিবারের সদস্যকেও হারাতে হয় অঞ্জলিকে। ১৯৭৯ সালে তাঁর মা স্ট্রোকে মারা যান। কিছুদিন পর বাবাকেও হারান তিনি।

র‍্যাম্প ছেড়ে অন্য জীবনে
প্যারিস তখন অঞ্জলির ঘর হয়ে উঠেছে। ফ্যাশন–জগতে তিনি প্রতিষ্ঠিত। কিন্তু অঞ্জলির জীবন শুধু র‍্যাম্পের মধ্যে আটকে থাকেনি। একসময় মডেলিং থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শীর্ষে থেকে একজন মডেলের স্বেচ্ছায় সরে দাঁড়ানো সহজ সিদ্ধান্ত নয়। কিন্তু অঞ্জলি বুঝেছিলেন, জীবনের পরবর্তী অধ্যায়ে তাঁকে অন্য কিছু করতে হবে।

আরও পড়ুন

পিয়ের কারদাঁ তখন অঞ্জলিকে ভারতে নিজের ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনার দায়িত্ব দেন। এভাবেই অঞ্জলি মডেল থেকে ব্যবসা পরিচালনার দায়িত্বে চলে যান। প্রায় ১৮ বছর কারদাঁর ভারতীয় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
অর্থাৎ অঞ্জলির সামনে একসময় মডেল হওয়ার দরজাই বন্ধ করে দেওয়া হয়েছিল, তিনিই পরে একটি আন্তর্জাতিক ফ্যাশন সাম্রাজ্যের ভারতীয় কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

র‍্যাম্পের জীবন থেকে সরে যাওয়ার পর রান্নার প্রতিও অঞ্জলির আগ্রহ বাড়ে। ভারতীয় খাবারের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর। প্যারিসের জীবনে ভারতীয় রান্নাকে নিজের পরিচয়ের একটি অংশ হিসেবে ধরে রাখেন। পরে মা থেকে মেয়ের কাছে ভারতীয় রান্নার ঐতিহ্য তুলে ধরার ভাবনা নিয়ে বইও প্রকাশ করেন।

শেষ অধ্যায়
২০০০ সালে পিয়ের কারদাঁর ফ্যাশন হাউসের ৫০ বছর পূর্তি হয়। এরপর প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বিভিন্ন অফিসের কার্যক্রম পুনর্বিন্যাস করে। অঞ্জলিও কারদাঁর ভারতীয় ব্যবসার দায়িত্ব থেকে সরে আসেন। ২০১০ সালের ১৭ জুন ফ্রান্সের প্রোভঁসে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান অঞ্জলি মেন্ডিস। বয়স হয়েছিল ৬৪ বছর।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে