১৮ দিনেও ১০০ কোটি পার করতে পারেনি প্রাপ্তবয়স্কদের সেই সিনেমা
মুক্তির আগে ‘ককটেল ২’ সিনেমার প্রাপ্তবয়স্ক সনদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। খোদ সিনেমাটির অভিনেতা শহীদ কাপুর উষ্মা প্রকাশ করেছিলেন অ্যাডাল্ট সনদ নিয়ে। তবে মুক্তির পর বক্স অফিসে শুরুটা মন্দ ছিল না। মনে করা হচ্ছিল, অ্যাডাল্ট সনদ নিয়ে বিতর্ক কার্যত সিনেমাটির জন্য সুফলই বয়ে এনেছে। কিন্তু সময় যত গড়িয়েছে, ‘ককটেল ২’–এর দর্শকসংখ্যা কমেছে। মুক্তির পর ১৮ দিনেও ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারেনি সিনেমাটি।
তৃতীয় সপ্তাহান্তে ভালো ব্যবসার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে গতি হারিয়েছে শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ককটেল ২’। গত সোমবার (মুক্তির ১৮তম দিন) ছবিটির আয় আগের দিনের তুলনায় প্রায় ৬৮ শতাংশ কমেছে। তবে ধীরগতিতেও ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপি নেট আয়ের দিকে এগিয়ে যাচ্ছে ছবিটি।
বক্স অফিস বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, সোমবার ছবিটি ভারতে ৪০ লাখ রুপি নেট আয় করেছে। আগের দিন রোববার ছবিটির আয় ছিল ১ কোটি ২৫ লাখ রুপি। এ নিয়ে ১৮ দিনে ভারতে ছবিটি মোট নেট আয় দাঁড়িয়েছে ৯২ কোটি ৯৫ লাখ রুপি। একই সময়ে ভারতে গ্রস আয় হয়েছে ১১০ কোটি ৮২ লাখ রুপি।
বিদেশের বাজারেও সোমবার ছবিটি আয় করেছে ১০ লাখ রুপি। ফলে আন্তর্জাতিক বাজারে মোট আয় বেড়ে হয়েছে ৩০ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় এখন ১৪০ কোটি ৯৭ লাখ রুপি।
দর্শক উপস্থিতিতেও ভাটা
সপ্তাহান্তের ভিড় শেষ হওয়ায় সোমবার দর্শকের উপস্থিতিও কমেছে। হিন্দি (টু-ডি) সংস্করণে সার্বিক দখলহার ছিল ১৩ দশমিক ৩৩ শতাংশ, যেখানে রোববার তা ছিল প্রায় ২৪ শতাংশ। দিনের শুরুতে সকালের শোগুলোয় উপস্থিতি ছিল ৫ দশমিক ৭৭ শতাংশ। দুপুরে তা বেড়ে ১৩ শতাংশ হয়। সন্ধ্যার শোগুলোয় উপস্থিতি ছিল ১১ দশমিক ৬৯ শতাংশ আর রাতের শোগুলোয় সর্বোচ্চ ১৬ দশমিক ১৫ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।
সোমবার ভারতজুড়ে ১ হাজার ৮৪টি শোতে চলেছে ছবিটি। আগের দিন শোর সংখ্যা ছিল ১ হাজার ১২৯টি।
সবচেয়ে বেশি শো ছিল দিল্লি-এনসিআর অঞ্চলে, ১৫৯টি। এরপর মুম্বাইয়ে ৯৩টি এবং আহমেদাবাদে ৯০টি শো। সবচেয়ে কম প্রদর্শনী ছিল চেন্নাইয়ে, মাত্র দুটি শো।
১৮ দিনের আয়
ছবিটি মুক্তির প্রথম দিন আয় করেছিল ১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে হয় ১৬ কোটি ২৫ লাখ আর প্রথম রোববার আয় করে ১৭ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়ায় ৭০ কোটি ৫০ লাখ রুপিতে। দ্বিতীয় সপ্তাহে যোগ হয় আরও ১৮ কোটি ৯০ লাখ রুপি। ১৮ দিন শেষে ছবিটির ভারতীয় বক্স অফিসে মোট নেট আয় ৯২ কোটি ৯৫ লাখ রুপি।
প্রাপ্তবয়স্ক সনদ বিতর্ক
সিবিএফসি ছবিটিকে ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে না। ‘ককটেল ২’ কৃতি শ্যাননের ক্যারিয়ারের প্রথম ‘এ’ সার্টিফিকেট পাওয়া সিনেমা। এটি রাশমিকা মান্দানার দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি। অন্যদিকে ছবির নায়ক শহীদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবি।
ছবির প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় শহীদ বলেন, ছবিতে এমন কোনো বিষয় নেই যা দর্শকের আপত্তির কারণ হতে পারে।
শহীদের ভাষায়, ‘এ ছবিতে এমন কিছুই নেই যা নিয়ে কারও আপত্তি থাকতে পারে। আমরা “এ” সার্টিফিকেট পেয়েছি, কিন্তু কেন পেয়েছি, সেটা আমি এখনো বুঝতে পারিনি। এটা তিনজন মানুষের গল্প। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি।’
শহীদের মতে, ছবিটি মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প। তাই প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ করার মতো কোনো উপাদান এতে নেই।
সম্পর্কের টানাপোড়েনের গল্প
‘ককটেল ২’ ছবিতে শহীদ কাপুর অভিনয় করেছেন ‘কুনাল’ চরিত্রে। রাশমিকা মান্দানা হয়েছেন ‘দিয়া’ এবং কৃতি শ্যানন অভিনয় করেছেন ‘অ্যালি’ চরিত্রে। দীর্ঘদিনের একটি সম্পর্কের মধ্যে তৃতীয় একজনের আগমন কীভাবে আবেগের ভারসাম্য নষ্ট করে দেয়, সে গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে।
২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর আধ্যাত্মিক সিকুয়েল হিসেবে নির্মিত এ চলচ্চিত্র পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন।
বলিউড হাঙ্গামা অবলম্বনে