ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েও
পর্দায় সাহসী উপস্থিতি, ব্যক্তিজীবনে একাধিক আলোচিত প্রেম, ভাঙা সংসার আর তারকাদের মনের কথা বের করে আনার অসাধারণ দক্ষতা—সব মিলিয়ে সিমি গাড়োয়ালের জীবন যেন সিনেমার চিত্রনাট্য। ষাট ও সত্তরের দশকে হিন্দি সিনেমায় যখন নায়িকাদের পর্দায় উপস্থিতির ক্ষেত্রে নানা সামাজিক বিধিনিষেধ ছিল, তখনই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি। আবার একসময় তাঁর সঞ্চালনায় টেলিভিশনের পর্দায় নিজেদের ব্যক্তিজীবনের কথা খুলে বলতেন বলিউডের বহু তারকা। অভিনয়শিল্পী থেকে টেলিভিশনের সঞ্চালক—সিমির এই দীর্ঘ যাত্রায় যেমন আছে সাফল্য, তেমনি আছে বিতর্ক, প্রেম আর বিচ্ছেদের গল্প। গত ১৭ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া সিমি পা দিলেন ৭৯ বছরে।
যে দৃশ্য বদলে দিয়েছিল পরিচিতি
সিমি গাড়োয়ালের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’। ১৯৭০ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তিনি অভিনয় করেন মেরি নামের এক শিক্ষিকার চরিত্রে। ছবিতে কিশোর রাজুর ভূমিকায় ছিলেন ঋষি কাপুর। শিক্ষিকার প্রতি কিশোরের আকর্ষণ এবং কৈশোরে পা রাখার মানসিক পরিবর্তন তুলে ধরতে একটি দৃশ্যে সিমিকে পোশাক বদলাতে দেখা যায়। দৃশ্যটি সে সময় ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল।
তবে বিতর্কে আটকে থাকেনি ছবিটিতে তাঁর অভিনয়। পরিচালক রাজ কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে সিমি জানিয়েছিলেন, মেরি চরিত্রটি নির্মাণের ক্ষেত্রে রাজ কাপুর তাঁকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন। নিজের পোশাকের নকশা করার পাশাপাশি কয়েকটি দৃশ্যে সংলাপ তৈরির সুযোগও পেয়েছিলেন তিনি। পরে ছবিটি বাণিজ্যিকভাবে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সময়ের সঙ্গে কালজয়ী সিনেমার মর্যাদা পায়। মেরি চরিত্রটিও থেকে যায় দর্শকের স্মৃতিতে।
এর দুই বছর পর ১৯৭২ সালে মুক্তি পায় ‘সিদ্ধার্থ’। হারমান হেসের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ইংরেজি ভাষার এই ছবিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন সিমি। তাঁর চরিত্রের নাম কমলা। জীবনের অর্থ ও আত্মিক উপলব্ধির সন্ধানে থাকা এক তরুণের যাত্রায় প্রেম, কামনা ও জাগতিক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছবিটিতে।
‘সিদ্ধার্থ’ ছবিতে নগ্নতা ও ঘনিষ্ঠ দৃশ্য থাকায় ভারতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেন্সর বোর্ডের আপত্তি ও কাটছাঁটের কারণে ছবিটির প্রদর্শনও বাধার মুখে পড়ে। ফলে অভিনয়ের পাশাপাশি ছবিটি নিয়ে বিতর্কও সিমির পরিচিতির অংশ হয়ে ওঠে।
এত বছর পরও সেই অভিজ্ঞতা নিয়ে নিজের ওয়েবসাইটে লিখেছেন সিমি। তাঁর বক্তব্য, চরিত্রটির ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে তিনি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। পরে নিজেকে চরিত্রের ভেতর স্থাপন করে অভিনয় করেছেন। তাঁর কাছে সেটি ছিল কমলার গল্পের প্রতি বিশ্বস্ত থাকার বিষয়। অর্থাৎ, পর্দায় যা করেছেন, তা চরিত্রের প্রয়োজনে—নিজের ব্যক্তিজীবনের প্রকাশ হিসেবে নয়।
এই অবস্থান গুরুত্বপূর্ণ। কারণ, ভারতীয় সিনেমায় নারী অভিনয়শিল্পীদের সাহসী দৃশ্যের আলোচনা বহু সময় তাঁদের অভিনয়কে ছাপিয়ে গেছে। সিমির ক্ষেত্রেও পর্দার সাহসী উপস্থিতি নিয়ে যত আলোচনা হয়েছে, তাঁর অভিনয়ের বৈচিত্র্য নিয়ে ততটা হয়নি।
সত্যজিৎ রায় থেকে সুভাষ ঘাই
সিমির ক্যারিয়ার শুধু বিতর্কিত দৃশ্যের গল্প নয়; বরং মূলধারার বাণিজ্যিক সিনেমা ও শিল্পসম্মত চলচ্চিত্র—দুই ধারাতেই কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। ১৯৬২ সালে ‘টারজান গোজ টু ইন্ডিয়া’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ‘দো বদন’, ‘সাথী’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।
১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে অভিনয় করেন সিমি। বাঙালি পরিচালকের এই ছবিতে কাজ তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য অভিজ্ঞতাগুলোর একটি। পরে মৃণাল সেনের ‘পদাতিক’ ছবিতেও দেখা গেছে তাঁকে। অন্যদিকে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’, যশ চোপড়ার ‘কাভি কাভি’ এবং সুভাষ ঘাইয়ের ‘কর্জ’-এর মতো ছবিতে কাজ করে বাণিজ্যিক হিন্দি সিনেমাতেও নিজের জায়গা তৈরি করেন তিনি।
১৯৮০ সালের ‘কর্জ’ ছবিতে তাঁর অভিনীত কামিনী চরিত্রটি বিশেষভাবে আলোচিত। ছবিতে ঋষি কাপুরের বিপরীতে তাঁকে দেখা যায় এক উচ্চাকাঙ্ক্ষী, রহস্যময় ও নেতিবাচক প্রবণতার নারী হিসেবে। চরিত্রটির জটিলতা ও পর্দায় উপস্থিতি ছবিটির স্মরণীয় দিকগুলোর একটি।
নিজের অভিনয়জীবন নিয়ে সিমি একসময় বলেছিলেন, সে সময়ের বলিউডের তুলনায় তিনি কিছুটা ভিন্ন মানসিকতার ছিলেন। বাঁধা চিত্রনাট্য, সময়নিষ্ঠা ও পেশাদার কর্মপরিবেশের প্রতি তাঁর আগ্রহ ছিল। নিজের ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, রাজ কাপুর, সত্যজিৎ রায়, মৃণাল সেন, সুভাষ ঘাই ও রমেশ সিপির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে পারা তাঁর সৌভাগ্য। তাঁর অভিনীত ছবির সংখ্যা ৫০-এর বেশি।
১৭ বছর বয়সে প্রেম, জীবনে একাধিক সম্পর্ক
সিমি গাড়োয়ালের ব্যক্তিজীবনও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। কৈশোরে জামনগরের মহারাজা শত্রুশল্যসিংহজির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে বিভিন্ন সাক্ষাৎকার ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। লন্ডনে বসবাসের সময় তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্পর্কটি অবশ্য বিয়ে পর্যন্ত গড়ায়নি।
পরে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির সঙ্গে সিমির সম্পর্কের কথাও আলোচিত হয়েছে। কিন্তু পতৌদির জীবনে পরে শর্মিলা ঠাকুর আসেন। শেষ পর্যন্ত সিমির সঙ্গে তাঁর সম্পর্ক টেকেনি। পাকিস্তানি রাজনীতিক সালমান তাসিরের সঙ্গেও সিমির সম্পর্ক ছিল বলে বিভিন্ন জীবনীমূলক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১৯৭০ সালে ব্যবসায়ী রবি মোহনের সঙ্গে বিয়ে করেন সিমি। কিন্তু সেই সংসারও স্থায়ী হয়নি। ১৯৭৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি তিনি।
সিমির জীবনের এই অধ্যায় নিয়ে কৌতূহল থাকলেও সম্পর্কের প্রতিটি খুঁটিনাটি নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। তাই তাঁর ব্যক্তিজীবনকে কেবল প্রেম ও বিচ্ছেদের হিসাব দিয়ে বিচার করা ঠিক হবে না। বরং; গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতার মধ্যেও তিনি নিজের পেশাগত পরিচয় ধরে রেখেছেন এবং পর্দার বাইরেও নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
রতন টাটার সঙ্গে সম্পর্কের আলোচনা
সিমি গাড়োয়ালের ব্যক্তিজীবন নিয়ে কথা উঠলে ভারতের প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রসঙ্গও আসে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের ঘনিষ্ঠতা ও সম্পর্কের কথা প্রকাশিত হয়েছে। সিমি নিজেও এক সাক্ষাৎকারে রতন টাটার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে তাঁদের সম্পর্ক নিয়ে অতিরঞ্জিত গল্পের চেয়ে সিমির নিজের বক্তব্যকে গুরুত্ব দেওয়াই যুক্তিযুক্ত। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে জনমনে আগ্রহ থাকলেও সব সম্পর্কের পরিণতি বিয়ে নয়, আর সম্পর্কের সব দিক জনসমক্ষে প্রকাশ করাও বাধ্যতামূলক নয়।
সাদা পোশাকে তারকাদের মনের কথা
অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর সিমি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেন টেলিভিশনে। তাঁর সঞ্চালনায় ‘রঁদেভু উইথ সিমি গাড়োয়াল’ অনুষ্ঠানটি একসময় ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা সাক্ষাৎকার অনুষ্ঠানে পরিণত হয়। সাদা পোশাক, শান্ত উপস্থিতি ও ব্যক্তিগত প্রশ্ন করার স্বতন্ত্র ভঙ্গির জন্য তিনি পরিচিতি পান ‘লেডি ইন হোয়াইট’ নামে।
অনুষ্ঠানটির বিশেষত্ব ছিল, অতিথিদের শুধু কাজের প্রচার বা সাফল্যের গল্পে সীমাবদ্ধ রাখা হতো না। তাঁদের প্রেম, সম্পর্ক, পারিবারিক জীবন, ব্যর্থতা ও ব্যক্তিগত অনুভূতি নিয়েও কথা হতো। অনেক সময় এমন প্রশ্নও করা হতো, যেগুলোর উত্তর তারকারা সাধারণ সাক্ষাৎকারে এড়িয়ে যেতেন।
রেখার সঙ্গে সিমির সাক্ষাৎকারটি এ ক্ষেত্রে বিশেষভাবে আলোচিত। ২০০৪ সালে প্রচারিত সেই পর্বে রেখাকে অমিতাভ বচ্চনের প্রতি তাঁর অনুভূতি নিয়ে প্রশ্ন করেছিলেন সিমি। রেখা অকপটে নিজের মুগ্ধতার কথা বললেও অমিতাভের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন। সেই সাক্ষাৎকারের নানা অংশ পরবর্তী সময়েও সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে।
অভিনয়ের বাইরে নির্মাতা ও প্রযোজক
অভিনয় ও সঞ্চালনার পাশাপাশি সিমি নির্মাতা ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার পর টেলিভিশন অনুষ্ঠান, তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন। রাজ কাপুরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে তথ্যচিত্রের কাজও তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে