মুখ্যমন্ত্রী বিজয়ের ‘প্রেমিকা’ তৃষার সেই ছবি ঘরে বসেই দেখা যাবে
মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিল সুরিয়া ও তৃষা কৃষ্ণান অভিনীত কোর্টরুম ড্রামা ‘কারুপ্পু’।
এবার বিশ্বব্যাপী ওটিটি দর্শকদের সামনে আসছে সিনেমাটি। ১২ জুন থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে ছবিটির। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র চার সপ্তাহের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে ২০২৬ সালের সবচেয়ে আলোচিত তামিল ছবিগুলোর একটি।
পরিচালক আর জে বালাজি নির্মিত ‘কারুপ্পু’ মূলত পৌরাণিক কাহিনি, কোর্টরুম ড্রামা ও বাণিজ্যিক অ্যাকশনের এক অনন্য মিশ্রণ। ছবিতে সুরিয়া অভিনয় করেছেন লোকবিশ্বাসে পূজিত রক্ষাকর্তা দেবতা ভেট্টাই কারুপ্পু চরিত্রে। গল্পে দেখা যায়, দেবতা মানব রূপ নিয়ে একজন আইনজীবী হিসেবে আবির্ভূত হন এবং দরিদ্র মানুষের ওপর অত্যাচার চালানো দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করেন।
সুরিয়ার সঙ্গে ছবিতে অভিনয় করেছেন তৃষা ও ইন্দ্রান্স। সংগীত পরিচালনা করেছেন সাই অভ্যাঙ্ক্কার।
বক্স অফিসে দুর্দান্ত সাফল্য
গত ১৫ মে মুক্তির পর থেকেই ‘কারুপ্পু’ বক্স অফিসে ঝড় তোলে। ভারতীয় বাণিজ্য বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ছবিটি বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি রুপি (প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে। এর মাধ্যমে এটি সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।
এর আগে সুরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য ছিল ২০১৩ সালের ‘সিংহাম ২’, যার আয় ছিল প্রায় ১২০ কোটি রুপি। সেই রেকর্ডকে বহু পেছনে ফেলেছে ‘কারুপ্পু’। একই সঙ্গে এটি ২০২৬ সালের সবচেয়ে বেশি আয় করা তামিল ছবির তকমাও অর্জন করেছে।
২ শতাধিক দেশে মুক্তি
ওটিটিতে ছবিটি মূল তামিল ভাষার পাশাপাশি হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় ডাব সংস্করণে দেখা যাবে। তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাচ্ছে ‘বীরভদ্রুডু’ নামে। বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে একযোগে স্ট্রিম হবে ছবিটি।
সুরিয়ার প্রতিক্রিয়া
ছবির সাফল্যে অভিভূত সুরিয়া এক বিবৃতিতে বলেন, ‘বক্স অফিসে “কারুপ্পু”যে ভালোবাসা ও সমর্থন পেয়েছে, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করি বিশ্বের আরও বেশি দর্শক এবার ছবিটি দেখতে পারবেন।’
কেন বিশেষ ‘কারুপ্পু’?
‘কারুপ্পু’র সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে সমালোচকেরা বলছেন এর ব্যতিক্রমী গল্প, লোকবিশ্বাসের ব্যবহার এবং আদালতকেন্দ্রিক নাটকীয়তা। দেবতা ও আইনজীবীর মিশেলে তৈরি এই চরিত্র তামিল দর্শকদের কাছে যেমন নতুন অভিজ্ঞতা, তেমনি সাধারণ বাণিজ্যিক ছবির বাইরে গিয়ে সামাজিক বার্তাও দিয়েছে।
তাই প্রেক্ষাগৃহে বিপুল সাফল্যের পর এখন দেখার বিষয়, ওটিটি দর্শকদের মনেও ‘কারুপ্পু’ একইভাবে জায়গা করে নিতে পারে কি না। তবে বক্স অফিসের পরিসংখ্যান বলছে, সুরিয়ার এই ছবির প্রতি দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে।
দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে