হঠাৎ জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে আমির খান
সপ্তাহখানেক আগে বলিউডের সিনেমার গান থেকে অবসরের ঘোষণা দেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তাঁর বাড়িতে হাজির হলেন অভিনেতা আমির খান।
গত রোববার রাতে কলকাতার বিমানবন্দরে দেখা গেছে আমিরকে। পরদিন সোমবার সকালে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে পৌঁছান আমির।
টিভিনাইন বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, আমির খানের পরের সিনেমার সংগীত পরিচালনা করবেন অরিজিৎ। সোমবার দিনভর জিয়াগঞ্জের রেকর্ডিং স্টুডিওতে কাজ করেছেন অরিজিৎ। আমির খানের জন্য একাধিক গান বাঁধছেন তিনি।
তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজন। আমিরের ডাকে অরিজিৎ তাহলে প্লেব্ল্যাকে ফিরছেন?—আনুষ্ঠানিক ঘোষণা আসার আগপর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
কাজের ফাঁকে জিয়াগঞ্জে অরিজিতের রেস্তোরাঁ থেকে আসা খাবারে মধ্যাহ্নভোজ সেরেছেন আমির। মেনুতে ছিল সাদা ভাত, বাটার নান, চিকেন ও মাটন কষা, মিক্সড ভেজ, পনির বাটার মসালা। ছিল মিষ্টিও।
দুপুরে খাওয়ার পর বাড়ির ছাদে ঘুড়ি ওড়ান দুজনে। তাঁদের ঘুড়ি ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আমির খানের সঙ্গে অরিজিৎ সিংয়ের বন্ধুত্বটা বেশ পুরোনো। আমির খানের ‘দঙ্গল’, ‘লাল সিং চাড্ডা’, ‘সিতারে জমিন পর’সহ বেশ কয়েকটি সিনেমায় গেয়েছেন অরিজিৎ।
গত ২৭ জানুয়ারি রাতে এক ফেসবুক পোস্টে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেন অরিজিৎ সিং।
২০০৫ সালে ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিয়েও সেরা পাঁচে জায়গা পাননি অরিজিৎ সিং। ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। পরে আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন।
২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির জন্য ‘ইউ শবনামি’ গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। ২০১১ সালে ‘মার্ডার ২ ’-এর ‘ফির মহব্বত’ গান দিয়ে সিনেমায় প্লেব্যাক অভিষেক ঘটে অরিজিতের।
২০১৩ সালে ‘আশিকি ২ ’-এর ‘তুম হি হো’ অরিজিৎকে পৌঁছে দেয় তারকাখ্যাতির চূড়ায়। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। কনসার্টের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হিসেবে পরিচিত অরিজিৎ।