ছয় বছর পর জানা গেল মেরিল স্ট্রিপের সংসার ভাঙার খবর
তিনবার অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও ডন গামারের বিচ্ছেদ হয়ে গেছে। ছয় বছর ধরেই তাঁরা আলাদা হয়ে গেছেন বলে জানিয়েছে বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম পেজ সিক্স।
পরে আরেক গণমাধ্যম পিপলডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেরিল স্ট্রিপের মুখপাত্র জানান, ‘ডন গুমার ও মেরিল স্ট্রিপ ছয় বছর আগেই আলাদা হয়ে গেছেন। তাঁরা একে অন্যের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল, তবে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’
২০১৮ সালের অস্কার অনুষ্ঠানের পর প্রকাশ্যে আর এই জুটিকে দেখা যায়নি। তবে তাঁদের বিচ্ছেদ সম্পর্কে ঘুণাক্ষরেও জানা যায়নি। গত ৩০ সেপ্টেম্বর ছিল তাঁদের ৪৫তম বিবাহবার্ষিকী।
সত্তরের দশকে অভিনেতা জন ক্যাজেলের সঙ্গে প্রেম ছিল মেরিল স্ট্রিপের। ১৯৭৮ সালে ফুসফুস ক্যানসারে জনের মৃত্যুর পর হতাশায় ডুবে ছিলেন অভিনেত্রী। তখন তাঁর ভাইয়ের মাধ্যমে পরিচয় জয় ডন গামারের সঙ্গে। পরিচয় প্রণয়ে রূপ নিতে সময় লাগেনি। ১৯৭৮ সালে বিয়ে করেন তাঁরা। এরপরেই শুরু হয় তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবন। হলিউডের অনেকের কাছেই এ দুজন ছিলেন ‘আদর্শ দম্পতি’।
২০১২ সালে ‘দ্য আয়রন লেডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার পর মেরিল স্ট্রিপ তাঁর সাফল্যে স্বামীর অবদান ও সহযোগিতার কথাও স্মরণ করেছিলেন। সেদিন মেরিল বলেছিলেন, ‘ডনকে ধন্যবাদ দিতে চাই। ডনকে জানাতে চাই যে এই জীবনে তুমি আমাকে যা দিয়েছ, সবকিছুই আমার কাছে মহামূল্যবান।’
দীর্ঘ দাম্পত্য জীবনে মেরিল স্ট্রিপ ও ডন গামারের চার সন্তান রয়েছে।