‘অ্যানিমেল’, ‘কবীর সিং’, আর কোন কোন ছবি ছেড়েছিলেন রণবীর

রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘ধুরন্ধর’ ছবির পর রণবীর সিংয়ের জনপ্রিয়তা হু হু করে বেড়ে গেছে। সাধারণ মানুষ থেকে বিনোদন–দুনিয়ার তারকারা সবাই তাঁকে এই ছবির জন্য উজাড় করে ভালোবাসা দিয়েছেন। কিন্তু এখন ‘ডন ৩’ ছাড়ার পর থেকে বিতর্কে জড়িয়ে পড়েছেন রণবীর। ‘ডন ৩’ ছবির নির্মাতা এবং পরিচালক ফারহান আখতারের সঙ্গে তাঁর বিবাদ এখন চরমে। ফারহান ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ‘এমপ্লয়িজ’ (এফডব্লিউআইসিই)-এর কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। এদিকে এফডব্লিউআইসিই রণবীরকে ‘নিষিদ্ধ’ বলে ঘোষণা করেছে। তবে এর আগেও রণবীর বেশ কিছু ছবি ছেড়ে দিয়েছিলেন, যেগুলো পরে সুপার হিট হয়েছে। দেখে নেওয়া যাক এই বিটাউন তারকা কোন কোন বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

‘লাভ অ্যান্ড ওয়ার’
শোনা যায়, সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য রণবীর সিংয়ের সঙ্গে কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন; কারণ, ছবিতে তাঁর চরিত্রটি মূল নায়কের ছিল না। পরে এই চরিত্রে নেওয়া হয় ভিকি কৌশলকে। ভিকি ছাড়া এই ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখা যাবে।

‘অ্যানিমেল’
রণবীর কাপুরের আগে ‘অ্যানিমেল’ ছবিটি রণবীর সিংকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সন্দীপ রেড্ডি ভাংগা শুরুতে এই ছবির জন্য রণবীর সিংকেই চেয়েছিলেন। কিন্তু ছবিটি ‘ডার্ক’ এবং অত্যধিক হিংসাত্মক হওয়ার কারণে তিনি তা করতে চাননি।

সিনেমায় রণবীর সিং। আইএমডিবি

‘স্যাম বাহাদুর’
খবর যে মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’-এর জন্যও প্রথমে রণবীর সিংয়ের নাম উঠে এসেছিল। কিন্তু পরে এই চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। বলা হয়, শুটিংয়ের সময়সূচির সমস্যার কারণে এবং ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্র করার পরপরই আরেকটি বায়োপিক করতে চাননি রণবীর। তাই তিনি ছবিটি ছেড়ে দেন।

আরও পড়ুন

‘কবীর সিং’
পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগা ‘কবির সিং’ ছবির জন্য রণবীর সিংকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই সময় ছবির চরিত্র, তাঁর হিংসাত্মক এবং তীব্র গল্প অত্যন্ত ‘ডার্ক’ বলে মনে হয়েছিল অভিনেতার। সেই কারণেই তিনি ছবিটি করতে রাজি হননি।

‘বোম্বে ভেলভেট’
‘বোম্বে ভেলভেট’ ছবিতে জনি বালরাজ চরিত্রের জন্যও রণবীর সিংয়ের নাম সামনে এসেছিল। তবে পরে সেই চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর।

‘কবীর সিং’ সিনেমার দৃশ্য, রণবীর ফিরিয়ে দেওয়ার পর সিনেমাটিতে অভিনয় করেন শহীদ কাপুর। আইএমডিবি