মুক্তির আগেই রেকর্ড, শুধু সংগীত বিক্রি হলো ৮০ কোটি টাকায়
মুক্তির এখনো বেশ কয়েক মাস বাকি। এরই মধ্যে বাণিজ্যিক দিক থেকে বড় সাফল্যের ইঙ্গিত দিল নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ’। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির দুই পর্বের সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি টাকায় কিনে নিয়েছে টি-সিরিজ। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ মূল্যের চুক্তিগুলোর একটি বলে দাবি করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘রামায়ণ’ ছবির প্রথম ও দ্বিতীয় পর্বের সব ভাষার সংগীতস্বত্ব এ চুক্তির আওতায় এসেছে। স্বত্ব কেনার দৌড়ে টি-সিরিজের পাশাপাশি সনি মিউজিকও ছিল। শেষ পর্যন্ত টি-সিরিজই বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার বিনিময়ে সংগীতস্বত্ব নিশ্চিত করেছে। জানা গেছে, এ অর্থ ফেরতযোগ্য অগ্রিম (রিফান্ডেবল অ্যাডভান্স) হিসেবে দেওয়া হবে।
এ চুক্তির মাধ্যমে আগের একটি আলোচিত রেকর্ডও ভেঙে গেছে। চলতি বছর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সংগীতস্বত্ব নিয়ে প্রথমে ৫০–৬৫ কোটি টাকার চুক্তির খবর প্রকাশিত হয়েছিল। পরে নির্মাতা পক্ষের সূত্র জানায়, প্রকৃত চুক্তির মূল্য ছিল ৩০ কোটি টাকা। সেই অঙ্কের তুলনায় ‘রামায়ণ’-এর ৮০ কোটি টাকার সংগীতস্বত্বের চুক্তি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ‘রামায়ণ’ ছবির ট্রেলার মুক্তি নিয়ে এত দিন নানা টালবাহানা দেখা গিয়েছিল। এবার প্রকাশ্যে আসছে পৌরাণিক কাহিনির আধারে নির্মিত এ ছবির ট্রেলার। বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টা ১৫ মিনিটে ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মুক্ত করা হয়।
ছবিটির আরেকটি বড় আকর্ষণ এর সংগীত। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার ও এ আর রাহমান। তাঁদের এই যুগলবন্দী নিয়েও দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিংসহ অনেকে।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-কে আধুনিক প্রযুক্তি, উন্নত ভিএফএক্স এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীতে বড় পর্দায় তুলে ধরার পরিকল্পনা নিয়ে ছবিটি নির্মাণ করছেন নীতেশ তিওয়ারি। নির্মাতাদের দাবি, ছবিটির পেছনে ব্যয় করা হয়েছে বিশাল বাজেট। মুক্তির আগেই শুধু সংগীতস্বত্ব বিক্রি থেকে ৮০ কোটি টাকা আয় হওয়াকে ছবিটির শক্তিশালী বাণিজ্যিক সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তাঁদের মতে, প্রেক্ষাগৃহের পাশাপাশি সংগীত ও ডিজিটাল প্ল্যাটফর্মেও ‘রামায়ণ’ ঘিরে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ভারতে এ বছরের সবচেয়ে চর্চিত ছবিগুলোর মধ্যে একটি ‘রামায়ণ’। শুধু দেশেই নয়, বিদেশেও নীতেশ তিওয়ারির ছবিটিকে ঘিরে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে।