কাপুর পরিবারে আবার বিয়ে, পাত্রী কে

অংশুলা কাপুর। অংশুলার ইনস্টাগ্রাম থেকে

বলিউডের কাপুর পরিবারে আবার বাজছে বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে বসছেন প্রযোজক বনি কাপুরের মেয়ে ও অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। গত বছরের জুলাইয়ে দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্ককের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বাগদান সেরেছিলেন অংশুলা কাপুর। এবার বিয়ে সারতে চলেছেন তাঁরা।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও কয়েক দিনের মধ্যেই কাপুর পরিবারে অনুষ্ঠিত হতে চলেছে এক জমজমাট পারিবারিক অনুষ্ঠান। জানা গেছে, আগামী ৬ জুলাই চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করবেন অংশুলা। বনি কাপুর ইতিমধ্যেই ঘনিষ্ঠ ব্যক্তিদের বিয়ের তারিখ জানিয়ে দিয়েছেন। পরিচালক রুমি জাফেরি ও অভিনেতা অক্ষয় খান্নাকে নাকি সংশ্লিষ্ট দিনে কোনো কাজ না রাখার কথা বলে দিয়েছেন।

বাগ্‌দান অনুষ্ঠানে অংশুলা কাপুর ও রোহন ঠাক্ককে। ইনস্টাগ্রাম থেকে

অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের কাছেও একই বার্তা পৌঁছেছে বলেই খবর। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। শোনা যাচ্ছে, অর্জুন কাপুর নিজে বোনের বিয়ের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। বড় ভাইয়ের ভূমিকা পালনে কোনো ত্রুটি রাখতে নারাজ অর্জুন। তাই দায়িত্বসহকারে বিয়ের ভেন্যু থেকে মেনু পর্যন্ত সবকিছু দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অর্জুন।

আরও পড়ুন

কাপুর পরিবারের বিয়েতে যে আড়ম্বরের কোনো অভাব থাকবে না, সে কথা বলার অপেক্ষাই রাখে না। তারকাখচিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে রোহন ও অংশুলার, এমন গুঞ্জনেই সরব সিনেপাড়া। কাপুর পরিবারের বিয়েতে উপস্থিত থাকার কথা জাহ্নবী কাপুর, খুশি কাপুর থেকে সোনম কাপুর, হর্যষবর্ধন কাপুরসহ পরিবারের সব সদস্যের। এই মুহূর্তে জাহ্নবী ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘পেড্ডি’র শুটিংয়ে। অন্যদিকে খুশি সম্প্রতি গ্রিস থেকে ‘মম ২’ ছবির কাজ শেষ করে ফিরেছেন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে