হোটেল কক্ষে পরিচালকের আপত্তিকর আচরণ, অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন সালমানের নায়িকা
কাস্টিং কাউচের দুঃসহ অভিজ্ঞতা নিয়ে আগেও মুখ খুলেছেন অনেক বলিউড অভিনেত্রী। এবার নিজের অভিজ্ঞতার কথা বললেন ডেইজি শাহ। জানালেন, অডিশনে তাঁকে কতটা অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়েছিল।
সালমান খানের বিপরীতে ‘জয় হো’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী ডেইজি শাহ। এরপর ‘রেস ৩’–তেও সালমানের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি কাস্টিং কাউচ ও অপেশাদার আচরণের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। নাম প্রকাশ না করে এক জনপ্রিয় দক্ষিণি পরিচালকের আপত্তিকর আচরণের সেই ভয়ংকর মুহূর্তের স্মৃতিচারণা করেছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ডেইজি শাহ মুম্বাইয়ের একটি হোটেল কক্ষে হওয়া এক অস্বস্তিকর ঘটনার কথা ফাঁস করেছেন। কাস্টিংয়ের নাম করে এক পরিচালক কীভাবে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন, সেই অভিজ্ঞতাই তুলে ধরেছেন তিনি। ডেইজি জানান, দক্ষিণ ভারতের এক পরিচালক কাস্টিংয়ের জন্য মুম্বাইয়ে এসেছিলেন। সেখানে ডেইজিসহ আরও ছয়-সাতজন মেয়ে অডিশন দিতে গিয়েছিলেন। ডেইজির কথায়, ‘ওই পরিচালক আমাদের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে দেখা করছিলেন। আমি ঘরে ঢুকতেই তাঁর আচরণে খুব অস্বস্তি বোধ করি। তিনি খুব বাজেভাবে আমাকে স্পর্শ করছিলেন এবং আমার হাত ধরে ছিলেন, যা আমার একেবারেই পছন্দ হয়নি।’
ব্যক্তিগত জীবনে ‘স্পর্শ’ নিয়ে ডেইজি বরাবরই খুব সচেতন। তিনি বলেন, ‘আমি বডি ম্যাসাজও করাই না। কারণ, অন্য কারও স্পর্শ আমি সহ্য করতে পারি না। একজন নারী স্পর্শ করলেও আমি পিছিয়ে আসি, সেখানে একজন পুরুষ ওইভাবে আমাকে ধরছিলেন...আমার কাছে তা ছিল চরম অস্বস্তিকর। আমি তাঁকে বলেছিলাম পরে দেখা করব, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর আর কোনো দিন তাঁর সঙ্গে যোগাযোগ করিনি।’
কোরিওগ্রাফার গণেশ আচার্যর সহকারী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ডেইজি। ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে বহু গানে কাজ করার পর কন্নড় ছবি ‘ভদ্র’ ও ‘বডিগার্ড’-এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০১৪ সালে সালমান খানের হাত ধরে ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউড মাত করেন তিনি। এরপর ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গেছে।
সম্প্রতি আমজাদ খানের ওয়েব সিরিজ ‘রেড রুম’-এ ডেইজির অভিনয় প্রশংসিত হয়েছে। ইউটিউবেও তিনি বেশ সক্রিয়, সেখানে প্রায় ৫০ হাজার সাবস্ক্রাইবার তাঁর দৈনন্দিন জীবন বা ভ্লগ উপভোগ করেন। আগামীতে পলাশ মুচ্ছল পরিচালিত একটি থ্রিলার ছবিতে শ্রেয়াস তালপাড়ের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে।
এনডিটিভি অবলম্বনে