‘থ্রি ইডিয়টস’-এ কি বদলে যাবে র্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন, নতুন তথ্য দিলেন হিরানি
আমির খানের সুপারহিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এসেছে বড় সুখবর! দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল, ছবিটির দ্বিতীয় কিস্তি আদৌ আসবে কি না? এবার সেই জল্পনায় ইতি টেনেছেন খোদ পরিচালক রাজকুমার হিরানি। তিনিই ছবির গল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন। রাজকুমার হিরানি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এ র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন কতটা বদলে যাবে।
বদলে যাবে তিন বন্ধুর জীবন
‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’–কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, তিনি ও তাঁর সহকারী লেখক অভিজাত জোশি ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। বলিউডের এই খ্যাতনামা পরিচালক বলেছেন, ‘ছবির গল্পে দেখানো হবে, ১৫ থেকে ২০ বছর পর এই চরিত্রগুলোর জীবন কেমন হয়েছে। এবার গল্প আর কলেজজীবনকে ঘিরে আবর্তিত হবে না।
র্যাঞ্চো, ফারহান ও রাজু এখন বিবাহিত, তাদের সন্তান রয়েছে এবং তারা মধ্য জীবনের সংকটের (মিডলাইফ ক্রাইসিস) মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের জীবন কোন দিকে এগোবে, সেটিই হবে ছবির মূল গল্প।’
এবার আরও বড় বার্তা
‘থ্রি ইডিয়টস’ শুধু একটি সিনেমা ছিল না; বরং এটি মানুষকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখার বার্তা দিয়েছিল। এবারও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছেন রাজকুমার হিরানি। তাঁর ভাষ্যে, ‘গল্পটি বেশ আলাদা এবং মজার হবে। এতে প্রথম ছবির মতোই হাস্যরস থাকবে, তবে এবার বার্তাটি আরও বড় হবে।’ তিনি আরও জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো চলছে এবং এটিকে পুরোপুরি শক্তিশালী করে তুলতে আরও সময় লাগবে।
আগেই নিশ্চিত করেছিলেন আমির খান
এর আগে চলতি বছরের এপ্রিলে আমির খানও ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় তথ্য প্রকাশ করেছিলেন। অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘গল্পটি দারুণ। এতে প্রথম ছবির মতোই হাস্যরস রয়েছে, তবে গল্পটি একেবারেই নতুন এবং আলাদা।’
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর অন্যতম। ছবিতে আমির খান, আর মাধবন এবং শরমন যোশির ত্রয়ী দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছিল। পাশাপাশি কারিনা কাপুর, বোমান ইরানি, মোনা সিং এবং ওমি বৈদ্যও নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন। ‘থ্রি ইডিয়টস ২’-এ আবার পর্দায় ফিরছেন আমির খান, আর মাধবন ও শরমন যোশি। শোনা যাচ্ছে, এই ছবির সঙ্গে যুক্ত হতে পারেন বলিউড তারকা ভিকি কৌশল।