নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বললেন, ‘অনেক দেরি হয়ে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুরাগ কাশ্যপ ও নরেন্দ্র মোদি
ছবি : সংগৃহীত

কয়েক বছর ধরে হিন্দি সিনেমা ও ভারতের রাজনীতিবিদদের মধ্যে তিক্ত সম্পর্ক প্রকাশ্যে এসেছে। অনেক বলিউড সিনেমার প্রকাশ্যে বিরোধিতা, নিষিদ্ধের দাবি তুলেছেন খোদ ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির অনেক নেতা। নির্মাতা অনুরাগ কাশ্যপসহ অনেকেই যা নিয়ে বিজেপি সরকারের কট্টর সমালোচনা করেছেন, কিন্তু অবস্থার বদল হয়নি। সর্বশেষ শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ ঘিরে এতটাই বিতর্ক তৈরি হয় যে মুখ খুলতে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তবে অনুরাগ মনে করছেন, অনেক দেরিতে মুখ খুলেছেন মোদি।

অনুরাগ কাশ্যপ
ছবি : সংগৃহীত

কয়েক দিন আগে ভারতীয় জনতা পার্টির নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেন ‘পাঠান’ নিয়ে। ছবিটি নিয়ে দলের নেতা-কর্মীদের অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন তিনি। কেবল ‘পাঠান’ই নয়, কোনো সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকতেও নির্দেশ দেন নরেন্দ্র মোদি।

তবে পরিচালক অনুরাগ কাশ্যপ মনে করেন, ভারতের প্রধানমন্ত্রী নির্দেশনা দিতে অনেক দেরি করে ফেলেছেন। এর মধ্যেই অনেক বড় ক্ষতি হয়ে গেছে।
নিজের পরের ছবি ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত’-এ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনুরাগ বলেন, ‘যদি তিনি এসব চার বছর আগে বলতেন, সেটা পার্থক্য তৈরি করত। এখন আমার মনে হয় না, এসব বলে কোনো লাভ হবে। ব্যাপারটি হলো তাঁর নিজের লোকজনকে নিয়ন্ত্রণের, যা এখন নিয়ন্ত্রণের বাইরের চলে গেছে। এখন মনে হয় না কেউ তাঁর কথা শুনবে।’

আরও পড়ুন

অনুরাগ মোদি সরকারের কট্টর সমালোচকদের একজন। আগে বিভিন্ন ইস্যুতে যখন বিজেপি নেতারা বিভিন্ন হিন্দি সিনেমা নিষিদ্ধের দাবি তুলেছেন, অনুরাগ বারবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ প্রসঙ্গে ‘দেব-ডি’ পরিচালক বলেন, ‘যখন আপনি নীরব থাকবেন, এসব বিষয় উসকানি পাবে। এটা এখন আয়ত্তের বাইরে চলে গেছে।’

‘পাঠান’–এ শাহরুখ
ছবি : সংগৃহীত

‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ মুক্তির পর যাঁরা প্রতিবাদের সরব হয়েছিলেন, তাঁদের অনেকেই বিজেপি নেতা। তাঁদের মধ্যে আছেন নরোত্তম মিশ্র, রাম কাদাম প্রমুখ।
তাঁর দাবি মতে, ‘সংশোধন’ না করে ‘পাঠান’-এর মুক্তি বন্ধ করে দেবেন বলে হুমকি দেন নরোত্তম মিশ্র। বিজেপির এমএলএ রাম কম বলেন, ‘বেশরম রং’ গানটিতে হিন্দুধর্মের অবমাননা করা হয়েছে।

আরও পড়ুন