স্ত্রীর বয়স যখন বাড়িয়ে বললেন শাহরুখ
স্ত্রীর বয়স নিয়ে বলতে গিয়ে যদি বাড়িয়ে বলেন, ফল যে ভালো হবে না, তা সম্ভবত শাহরুখ খানও ভালোই জানেন। তাই মুম্বাইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী গৌরি খানের বয়স বলতে গিয়ে ভুল করে শুধরে নিতে দেরি করলেন না অভিনেতা। এরপর যা হওয়ার তা–ই হলো, হাসির রোল পড়ল অনুষ্ঠানে। খবর হিন্দুস্তান টাইমসের
অনুষ্ঠানটি ছিল বই প্রকাশের। শাহরুখ খানের স্ত্রী গৌরি খান যে ডিজাইনার, সে কথা অনেকেই জানান।
গত সোমবার মুম্বাইতে ছিল তাঁর বই ‘মাই লাইফ ইন ডিজাইন’-এর প্রকাশনা অনুষ্ঠান। সেখানেই গৌরিকে নিয়ে বলতে গিয়ে বয়স বিষয়ে ‘বেফাঁস’ মন্তব্য করেন শাহরুখ।
শাহরুখ খানকে আজকাল প্রকাশ্য অনুষ্ঠানে সেভাবে পাওয়াই যায় না। সেই যে ‘পাঠান’-এর সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন, তারপর লাপাত্তা। তবে স্ত্রীর বই প্রকাশ বলে কথা, শাহরুখের হাজির না হয়ে আর উপায় কী!
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে শাহরুখ খান বলেন, ‘আপনি তরুণ বয়সের হলেও কিছু আসে যায় না, যেকোনো বয়সেই যেকোনো কিছু শুরু করা যায়। দেরি হয়ে গেছে, জীবনের স্বপ্নটা পূরণ হলো না, এমন কোনো ব্যাপার নেই। আমার মনে হয়, গৌরির বয়স যখন মধ্য চল্লিশের কোটায়, তখন সে শুরু করে।’
গৌরি তখন শাহরুখকে শুধরে দেন, ৪০ বছর বয়সে তিনি শুরু করেন। স্ত্রীর বয়স নিয়ে ভুলভাল বলাটা যে মোটেও কাজের কথা নয়, শাহরুখ ততক্ষণে সেটা বুঝে গেছেন।
তাই দেরি না করে স্বভাবসুলভ রসিকতায় বলে ওঠেন, ‘৪০? এখন তো তাঁর বয়স ৩৭। আমাদের পরিবারে সবার বয়সই পেছনের দিকে যাচ্ছে।’ শাহরুখের এই কথায় হাসির রোল ওঠে, বেশ মজা পান উপস্থিত দর্শকেরা। পরে অভিনেতার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এলে মজার মজার মন্তব্য করেন ভক্ত-অনুসারীরা।