আমির খান নিশ্চিত করলেন, তৃতীয়বার বিয়ে করছেন তিনি

আমির খান। এএফপি

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তৃতীয় বিয়ে সারছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করবেন আমির খান। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, ৫ জুলাই মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা আমির খান বলেন, ‘বিয়ের খবর সত্যি। ৫ জুলাই আমাদের বিয়ে। এখন আমরা দুজনই মনে করছি, সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে।’

আমির ও গৌরী। ইনস্টাগ্রাম থেকে

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তখনই তিনি জানিয়েছিলেন, তাঁদের পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম পরিচয় হয়েছিল। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও প্রায় দেড় বছর আগে আবার তাঁদের যোগাযোগ শুরু হয়। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

সম্পর্ক নিয়ে বেশ খোলামেলাই কথা বলেছেন আমির। তাঁর ভাষায়, ‘আমি এখন মানসিকভাবে শান্তিতে আছি। গৌরী ও আমি একে অপরকে নিয়ে খুবই সিরিয়াস। আমরা অংশীদার, আমরা একসঙ্গে আছি। আমার হৃদয়ে আমি ইতিমধ্যেই ওকে বিয়ে করেছি। তাই আনুষ্ঠানিকভাবে সম্পর্ককে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি পদক্ষেপ।’

আমির খান
ছবি: এএফপি

বলিউডের আলোচিত কোনো মুখ নন গৌরী স্প্র্যাট। এক সন্তানের মা গৌরী বর্তমানে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন। ফলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগতভাবেও একসঙ্গে সময় কাটাচ্ছে এই জুটি।
গৌরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, জীবনে তিনি এমন একজন সঙ্গী খুঁজছিলেন, যিনি একই সঙ্গে বুদ্ধিমান, সংবেদনশীল ও ভদ্র। তাঁর বিশ্বাস, সেই গুণগুলো তিনি আমিরের মধ্যে খুঁজে পেয়েছেন।

আরও পড়ুন

১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। সারোগেসির মাধ্যমে তাঁদের ঘরে আসে ছেলে আজাদ। ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ। তবে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।