কেন নিজেকে রাজা মনে হচ্ছে শাহরুখের
পরের ছবির নাম ‘কিং’। তবে সে কারণে নয়, অন্য একটি কারণে নিজেকে রাজা মনে হচ্ছে শাহরুখ খানের। প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ ছবির সেই বিখ্যাত সংলাপ নতুন করে ফিরে এসেছে বিশ্বমঞ্চে, আর তারই প্রতিক্রিয়ায় নিজস্ব রসবোধে ভর করে শাহরুখ যেন আবারও প্রমাণ করলেন—তারকা হওয়া শুধু পর্দায় নয়, ব্যক্তিত্বেও।
সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওম শান্তি ওম’-এর বহুল জনপ্রিয় সংলাপের একটি অংশ শেয়ার করে। চলচ্চিত্রের পুরস্কার বিতরণী মঞ্চের দৃশ্যে বলা সেই সংলাপ—ভাগ্য, স্বপ্ন আর অপেক্ষার গল্প—আজও দর্শকের মনে একই রকম প্রভাব ফেলে। পোস্টটির সঙ্গে তারা লিখেছিল, ভাগ্য কখনো সুযোগ মিস করে না। এই এক বাক্যই যেন পুরোনো আবেগকে নতুন করে জাগিয়ে তোলে।
এই পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি শাহরুখ। বরাবরের মতোই সহজ, স্বতঃস্ফূর্ত আর খানিকটা দুষ্টুমি মেশানো ভঙ্গিতে তিনি লিখেছেন, এই সংলাপ তাঁকে আবার স্মৃতির ভেতর ফিরিয়ে নিয়ে গেছে আর এখন তিনি সত্যিই নিজেকে ‘বিশ্বের রাজা’ মনে করছেন। এই এক লাইনের প্রতিক্রিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ ছিল ফারাহ খান পরিচালিত এক রঙিন, নাটকীয় ও আবেগঘন সিনেমা। এ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। ছবিতে আরও অভিনয় করেছিলেন অর্জুন রামপাল ও শ্রেয়াস তলপাড়ে। মুক্তির পর ছবিটি বাণিজ্যিকভাবে বিপুল সাফল্য পায় এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয় জনপ্রিয় সংস্কৃতির অংশে।
ছবিটির সেই বিখ্যাত সংলাপ ‘কিছু কিছু জিনিস যদি মন থেকে চাও, পুরো মহাবিশ্ব সেটি তোমার কাছে পৌঁছে দিতে কাজ শুরু করে’ শুধু একটি সংলাপ নয়; বরং এক প্রজন্মের স্বপ্ন দেখার ভাষা হয়ে উঠেছিল। আজও অনেকে জীবনের কঠিন সময়ে এই সংলাপকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন।
শাহরুখের এই প্রতিক্রিয়ায় সাড়া দিয়েছেন পরিচালক ফারাহ খানও। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোস্ট শেয়ার করে ছবির আরেকটি বিখ্যাত সংলাপের উল্লেখ করেন, ‘পিকচার এখনো বাকি আছে, বন্ধু।’ এই সংলাপ যেন ইঙ্গিত দেয়, গল্প শেষ হয়নি; বরং নতুন অধ্যায় শুরু হচ্ছে।
বর্তমানে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। শোনা যাচ্ছে, তিনি দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের সঙ্গে একটি ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতি রাখতে পারেন। পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর আগের কাজ ‘জওয়ান’-এর সফলতার পর এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
এ ছাড়া সামনে রয়েছে শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। পাশাপাশি রয়েছেন অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোন।
‘কিং’ চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে।
ইন্ডিয়া টুডে অবলম্বনে