তিন খানই ‘আন্ডারওয়ার্ল্ড’–এর চাপের মুখে ছিলেন, ফারাহ খানের বিস্ফোরক মন্তব্য

আমির খান, সালমান খান ও শাহরুখ খান। এএনআই

নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল। সেই সময়কার ভয়ংকর পরিবেশ ও কয়েকটি ঘটনার স্মৃতি সম্প্রতি তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে ফারাহ জানান, নব্বইয়ের দশকে বলিউডে কাজের পরিবেশে প্রায়ই আতঙ্ক ও অনিশ্চয়তার ছায়া ছিল।

ফারাহ খান

সে সময় অনেক অভিনেতা ও প্রযোজক চাঁদাবাজির ফোন পেতেন। এমনকি আন্ডারওয়ার্ল্ডের অর্থায়নে সিনেমা তৈরির অভিযোগও উঠেছিল। কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনাও ঘটে, যা ইন্ডাস্ট্রিতে আতঙ্ক তৈরি করেছিল।
ফারাহ খান জানান, তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন ১৯৯৭ সালে প্রযোজক মুকেশ দুগ্গল হত্যার ঘটনা। তিনি বলেন, ‘আমি তখন ক্যারিয়ার শুরু করেছি মাত্র। একটি সিনেমার সেটে ছিলাম, সেই সময় খবর পেলাম মুকেশ দুগ্গলকে গুলি করে হত্যা করা হয়েছে।’

মুকেশ দুগ্গল ‘সাথী’, ‘দিল কা ক্যা কসুর’ ও ‘খিলোনা’র মতো ছবির প্রযোজক ছিলেন। ১৯৯৭ সালে আন্দেরির সেভেন বাংলো এলাকায় তাঁর অফিসে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
আলোচনায় রণবীর আল্লাহবাদিয়া জানতে চান, সেই সময় বলিউডের তিন শীর্ষ তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান—এর ওপরও কি আন্ডারওয়ার্ল্ডের চাপ ছিল? জবাবে ফারাহ খান বলেন, ‘হ্যাঁ’ ছিল। তবে শাহরুখ খানের কাছে সরাসরি হুমকির ফোন আসার নির্দিষ্ট ঘটনার বিস্তারিত তিনি জানেন না বলেও জানান।
ফারাহ আরও একটি ঘটনার কথা বলেন, যা ঘটেছিল করণ জোহরের প্রথম ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তির সময়। তাঁর দাবি, ছবিটির প্রিমিয়ারের আগে করণ জোহর আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পেয়েছিলেন। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি প্রিমিয়ার অনুষ্ঠান বাতিল করা হবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। পরে নিরাপত্তা বাড়িয়ে অনুষ্ঠানটি করা হয়।

করন জোহর

করণ জোহর তাঁর আত্মজীবনী বই ‘অ্যান আনস্যুটেবল বয়’তে এই ঘটনার উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, একদিন তাঁর মা ফোন ধরলে ওপাশ থেকে এক ব্যক্তি বলেন, ‘আপনার ছেলে লাল টি-শার্ট পরে আছে, আমি তাকে এখনই দেখতে পাচ্ছি। শুক্রবার যদি এই সিনেমা মুক্তি দেন, আমরা তাকে গুলি করে মারব।’ করণের দাবি, সেই ফোনটি আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের পক্ষ থেকে এসেছিল।
বইটিতে করণ আরও লিখেছেন, বিষয়টি জানার পর শাহরুখ খান তাঁকে সাহস দিয়েছিলেন। শাহরুখ নাকি বলেছিলেন, ‘আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি কে তোমাকে গুলি করে। কিছুই হবে না।’
এদিকে সাংবাদিক অনুপমা চোপড়ার বই ‘কিং অব বলিউড: শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাকটিভ ওয়ার্ল্ড অব ইন্ডিয়ান সিনেমা’-এও শাহরুখ খান জানিয়েছেন, তিনিও একসময় আবু সালেমের কাছ থেকে হুমকির ফোন পেয়েছিলেন। শাহরুখ বলেন, ‘সে বলত, সে আমাকে দেখতে পাচ্ছে। মনে হতো যেন কেউ দূর থেকে টেলিস্কোপ দিয়ে নজর রাখছে। বিষয়টা খুবই ভয়ংকর ও হতাশাজনক ছিল।’
ফারাহর মুখে এ ঘটনাগুলো নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব নিয়ে দীর্ঘদিনের আলোচনাকে আবারও সামনে এনে দিয়েছে।


এনডিটিভি অবলম্বনে