ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী
বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে স্তন ক্যানসারে আক্রান্ত। অভিনেত্রী নিজেই অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন। জানিয়েছিলেন, ক্যানসারের অস্ত্রোপচারও ভালোভাবেই হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরব।’ অসুস্থতার কথা জানতে পেরে ভেঙে পড়েছিলেন রাজশ্রী। সে কথাই জানালেন সম্প্রতি।
স্মৃতি রোমন্থন করে জানালেন, ক্যানসারের খবর প্রথমবার শুনে তাঁর কী অবস্থা হয়েছিল। হাসপাতাল থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাজশ্রী। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। সেই ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘মনে আছে, স্তন ক্যানসারের কথা যখন জানতে পারি, তখন আমি একা। একাই হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ি। আমি শক্ত থাকতে পারিনি।’
এখনো মানুষ নাকি রাজশ্রীকে প্রশ্ন করেন, ‘তুমি এত সুস্থ–সবল, তা-ও কেন তোমার এমন হলো?’ এ প্রশ্নের উত্তর নেই রাজশ্রীর কাছে। তাঁর কথায়, ‘আসলে এই যন্ত্রণা শুধু শারীরিক নয়। মানসিক। আবেগেরও যন্ত্রণা রয়েছে। এই যন্ত্রণা সহ্য করা যায় না। প্রায়ই এ যন্ত্রণার জন্য একাই কান্নায় ভেঙে পড়েছি। কখনো আবার বন্ধুদের সঙ্গে থাকাকালেও কেঁদে ফেলেছি। এই বন্ধুরাই আমার পাশে পদে পদে থেকেছে।’
প্রতিদিন ঘুম থেকে উঠে রাজশ্রী ভাবতেন, আজ আর হাল ছাড়া যাবে না। টিকে থাকার জন্য যেটুকু শক্তির প্রয়োজন সেটুকু যেন থাকে, এই প্রার্থনা করতেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাজশ্রী। তিনি জানিয়েছেন, এই সময়টা তাঁকে নতুন করে জীবনকে দেখতে শিখিয়েছে।
‘স্যাক্রেড গেমস’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন রাজশ্রী।
ইন্ডিয়া টুডে অবলম্বনে