এআই কনটেন্টসহ গুজব ছড়ালে ১০০ কোটি ক্ষতিপূরণ
স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্ক, বিবাহবিচ্ছেদ থেকে দ্বিতীয় বিয়ের গুঞ্জন—কিছুদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়েই বারবার আলোচনায় বলিউড অভিনেতা গোবিন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়েছে নানা দাবি, ছবি ও ভিডিও। এবার এসব নিয়ে কঠোর অবস্থান নিলেন অভিনেতা। তাঁকে বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, মানহানিকর কিংবা যাচাই না করা তথ্য প্রকাশ ও প্রচার বন্ধ করতে প্রকাশ্য নোটিশ জারি করেছেন তিনি। সতর্ক করেছেন এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট নিয়েও। নোটিশ অমান্য করলে আইনি ব্যবস্থার পাশাপাশি সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন গোবিন্দ।
এআই-নির্মিত কনটেন্ট নিয়েও সতর্কতা
আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, গোবিন্দর প্রকাশ্য নোটিশে বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ছবি, ভিডিও, অডিওসহ বিভিন্ন ধরনের কনটেন্টের কথা উল্লেখ করা হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, গোবিন্দ তাঁর পরিচয় কিংবা ব্যক্তিগত ও পারিবারিক তথ্য ব্যবহার করে এআইয়ের মাধ্যমে কোনো ধরনের কনটেন্ট তৈরি, পরিবর্তন বা ব্যবহারের অনুমতি কাউকে দেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের উদ্দেশে বলা হয়েছে, গোবিন্দ বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, মানহানিকর কিংবা যাচাই না করা কোনো তথ্য প্রকাশ বা প্রচার করা যাবে না।
নোটিশে কী বলা হয়েছে
নোটিশ অনুযায়ী, এসব নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানহানি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, পরিচয়ের অপব্যবহার ও সাইবার অপরাধের মতো বিষয়ও এর আওতায় থাকবে। এ ক্ষেত্রে ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার কথাও উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের কাছে বিভিন্ন ধরনের নির্দেশনা বা আইনি প্রতিকার চাইতে পারেন গোবিন্দ। এমনকি অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
কেন উদ্বিগ্ন গোবিন্দ
নোটিশে ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ, এসব প্ল্যাটফর্মের কিছু অ্যাকাউন্ট থেকে ইচ্ছাকৃতভাবে গোবিন্দকে নিয়ে বিভ্রান্তিকর বা মিথ্যা খবর ছড়ানো হচ্ছে।
আগের অভিজ্ঞতার কথা উল্লেখ করে গোবিন্দ আশঙ্কা প্রকাশ করেছেন, জনসমক্ষে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ধরনের খবর ছড়ানো হচ্ছে। প্রকাশ্য নোটিশের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে যাচাই না করা খবর ও গুজবের প্রচার বন্ধ করতে চান।
আলোচনায় গোবিন্দ-সুনীতার সম্পর্ক
সম্প্রতি গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সুনীতার একাধিক সাক্ষাৎকার ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। এমনকি গোবিন্দ দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন—এমন দাবিও সামনে আসে। পরে অভিনেতার ম্যানেজার শশী সিনহা সেই দাবি অস্বীকার করেন।
এর আগে সুনীতা আহুজা গোবিন্দর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। সম্প্রতি তিনি সেই আবেদন প্রত্যাহার করেছেন।
সাত বছর পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি
গোবিন্দকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। গত জুলাইয়ে নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে দুটি ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। ছবি দুটি হলো ‘রুপা’ ও ‘দুনিয়াদারি’। প্রায় সাত বছরের বিরতির পর ‘রুপা’র মাধ্যমে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন গোবিন্দ। ছবিটিতে তাঁর বিপরীতে দেখা যাবে নবাগতা রানি স্বর্ণকারকে।
এদিকে গোবিন্দ ও সুনীতার ছেলে যশবর্ধন আহুজাও বড় পর্দায় অভিষেকের অপেক্ষায়। ‘হিরো কি হিরোইন’ ছবির মাধ্যমে তাঁর অভিষেক হওয়ার কথা। সাজিদ খান পরিচালিত এই হরর-কমেডিতে যশবর্ধনের বিপরীতে দেখা যাবে নিতাংশী গোয়েলকে। ছবিতে যশবর্ধনের মায়ের চরিত্রে অভিনয় করবেন তাঁর বাস্তব জীবনের মা সুনীতা আহুজা।