যে ভালোবাসা মুক্তি দেয়..., বিয়ের পর প্রথম পোস্ট রাশমিকার

বিয়ের আসরে রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি এখন আনুষ্ঠানিকভাবেই দাম্পত্য জীবনে। অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়েকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। ব্যক্তিগত এই মুহূর্তে ভক্তদের ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়েছেন রাশমিকা। সেই আবেগ থেকেই তিনি শেয়ার করেছেন নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ উপলব্ধি—ভালোবাসা এমন হওয়া উচিত, যা মানুষকে মুক্ত করে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এত আবেগপ্রবণ হয়ে নিজের সম্পর্কে লেখা কোনো কিছু আমি অনেক দিন পড়িনি। ভালোবাসা সম্পর্কে আমার একটাই কথা—এমন ভালোবাসা খুঁজে নাও, যা তোমাকে মুক্ত করে।’

প্রেম থেকে বিয়ে
দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় এই দুই তারকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। একসঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়ে তাঁদের বন্ধুত্ব গভীর হয়, পরে তা প্রেমে রূপ নেয়। অবশেষে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন রাশমিকা ও বিজয়।
এ বিয়েতে অন্ধ্র ও কোডাভা—দুই পরিবারের ঐতিহ্যবাহী রীতিই মেনে চলা হয়। অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত, তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বার্তা দিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তাঁরা। বিয়ের পর এক পোস্টে রাশমিকা প্রথমবারের মতো বিজয়কে প্রকাশ্যে নিজের ‘স্বামী’ হিসেবে উল্লেখ করেন।

রাশমিকা ও বিজয়। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে

ভক্তদের জন্য বিশেষ আয়োজন
শুধু ব্যক্তিগত পরিসরে নয়, বিয়ের আনন্দ ভক্তদের সঙ্গেও ভাগ করে নিতে চেয়েছিলেন এই তারকা দম্পতি। ১ মার্চ ভারতের বিভিন্ন বড় শহরে—হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও আহমেদাবাদে মিষ্টিভর্তি ট্রাক পাঠান তাঁরা। সেই মিষ্টি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া দেশের ১৬টি মন্দিরে অন্নদান কর্মসূচিরও আয়োজন করেন তাঁরা।
এক যৌথ বার্তায় রাশমিকা ও বিজয় লিখেছিলেন, ‘এই দেশের মানুষ সব সময় আমাদের যাত্রার অংশ। তাই আমাদের বিয়ের আনন্দ আমরা আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই।’

আরও পড়ুন

ভাইরাল পোস্টে আবেগ
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে একটি আবেগঘন পোস্ট লেখেন। সেখানে বলা হয়, নৈরাশ্যভরা সময়েও এই সম্পর্ক মানুষকে আবারও ভালোবাসায় বিশ্বাস করতে শেখায়। সেই পোস্ট পড়ে রাশমিকা নিজের আবেগ প্রকাশ করেন। তিনি বলেন, নিজের জীবন ও ব্যক্তিগত বিকাশের যাত্রা নিয়ে অনেক কিছু বলতে চান, কিন্তু সব কথা প্রকাশ করা যায় না।
রাশমিকার ভাষায়, ‘আমি এখন নিজের জায়গা খুঁজে পাওয়ার পথে আছি। এটা এমন একটি যাত্রা, যার জন্য আমি কৃতজ্ঞ।’

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ক্যারিয়ারের সাফল্য
ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও সফল সময় পার করছেন রাশমিকা। সম্প্রতি তিনি তেলেঙ্গানা গাদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাঁর অভিনীত ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির জন্য। পুরস্কার পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিজয় তাঁকে অভিনন্দন জানান। উত্তরে রাশমিকা মজা করে লিখেছিলেন, ‘তুমি যখন বলো তুমি আমার জন্য গর্বিত, আমি সেটা খুব ভালোবাসি।’

ইন্ডিয়া টুডে অবলম্বনে