করাচির লায়ারিতে প্রতিশোধের আগুন, ‘ধুরন্ধর ২’–এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ
আদিত্য ধরের ‘ধুরন্ধর’ গত বছরের ডিসেম্বর মুক্তির পর এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। ঈদে মুক্তি পাবে সিনেমাটির সিকুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আজ মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, যা দেখে অনেক দর্শক মনে করছেন—রণবীর সিং অভিনীত সিনেমাটি আবার বক্স অফিসে ঝড় তুলবে।
ছবিতে রণবীর ফিরছেন ‘হামজা’ চরিত্রে। গল্পে দেখা যাবে, করাচির আলোচিত এলাকা লায়ারিকে কেন্দ্র করে ক্ষমতার লড়াই, প্রতিশোধ আর সহিংসতার এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ট্রেলারে দেখা যায় আর মাধবনকেও, যিনি ছবিতে ‘অজয় সান্যাল’ চরিত্রে অভিনয় করছেন। তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন। এই মুহূর্ত থেকেই ট্রেলার দর্শককে জানিয়ে দেয়—এ গল্প কেবল সংঘর্ষের নয়, বরং অপমানের প্রতিশোধ নেওয়ার কাহিনি।
ট্রেলারে দেখা যায়, হামজা চরিত্রটি ধীরে ধীরে লায়ারির আন্ডারওয়ার্ল্ডে শক্ত অবস্থান তৈরি করছে। প্রতিটি দৃশ্যে তার চরিত্রে জমে থাকা রাগ, অতীতের ক্ষত এবং ক্ষমতা দখলের তীব্র ইচ্ছা ফুটে উঠেছে। গল্পের অগ্রগতিতে বোঝা যায়, লড়াই আর কেবল বেঁচে থাকার জন্য নয়—এটি এখন এক নির্মম প্রতিশোধের যুদ্ধ।
অ্যাকশন দৃশ্যগুলোতে গাড়ি ধাওয়া, বিস্ফোরণ, বন্দুকযুদ্ধ এবং অন্ধকার রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে, যা পুরো সিনেমাটিকে আরও তীব্র করে তুলেছে।
রণবীর সিংকে এখানে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে। তাঁর চরিত্র হামজা যেমন নির্মম, তেমনি রহস্যময়। ট্রেলারে তাঁর উপস্থিতি শক্তিশালী এবং সহিংস, যা দর্শকদের কাছে ছবির সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। চরিত্রটির মধ্যে একদিকে রয়েছে অপরাধজগতের শক্তি, অন্যদিকে রয়েছে অতীতের যন্ত্রণায় জন্ম নেওয়া প্রতিশোধের আগুন।
ট্রেলার দেখে ধারণা করা যায়, ছবিটি আগের পর্বের তুলনায় আরও অন্ধকার ও সহিংস। ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক ষড়যন্ত্র এবং ব্যক্তিগত প্রতিশোধ—এই তিনটি উপাদান গল্পের কেন্দ্রে থাকবে।
ট্রেলার প্রকাশের পর সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি ২০২৬ সালের সবচেয়ে বড় অ্যাকশন সিনেমাগুলোর একটি হতে পারে।
১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় বড় পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে