গুগল–মেটার বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন প্রীতি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও নকল ডিজিটাল পরিচয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় এক ধাপ এগোলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বোম্বে হাইকোর্ট তাঁকে গুগল, মেটাসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি অভয় আহুজা সম্প্রতি প্রীতি জিনতার আবেদন মঞ্জুর করে মামলাটি দায়েরের অনুমতি দেন। অভিনেত্রীর অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর নামে ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম, চ্যাটবট চরিত্র এবং বিভিন্ন ডিজিটাল কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তাঁর ব্যক্তিগত পরিচয়, সুনাম ও আইনি অধিকারের লঙ্ঘন।
প্রীতির পক্ষে আদালতে হাজির আইনজীবী রোহন কাদম জানান, প্রস্তাবিত মামলায় ব্যক্তিত্বের অধিকার (পারসোনালি রাইটস), কপিরাইট, নৈতিক অধিকার এবং সুনামের ক্ষতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, এসব ভুয়া কনটেন্ট শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
আদালতে আরও বলা হয়, প্রীতি ভারতের নাগরিক এবং তাঁর পেশাগত জীবন ও সুনাম মূলত মুম্বাইকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। ফলে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার প্রভাবও এই বিচারিক এলাকার মধ্যে পড়ে।
আবেদনের শুনানি শেষে আদালত মত দেন যে মামলাটি দায়েরের যথেষ্ট ভিত্তি রয়েছে। তাই হাইকোর্টের এখতিয়ারের বাইরে থাকা সংস্থাগুলোর বিরুদ্ধেও মামলা করার জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ডিপফেক ভিডিও ও ভুয়া ছবি তৈরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এর আগে একাধিক বলিউড তারকাও এমন অপব্যবহারের শিকার হয়েছেন। প্রীতি জিনতার এই আইনি পদক্ষেপকে অনেকেই ডিজিটাল যুগে ব্যক্তিগত পরিচয় ও সৃজনশীল অধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন।
এদিকে দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা আবারও বড় পর্দায় ফিরছেন। তাঁকে আগামী দিনে দেখা যাবে ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায়। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।