ব্যর্থ আমির, জানালেন অরিজিতের বাড়িতে যাওয়ার কারণ

আমির খান ও অরিজিৎ সিং। কোলাজ

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার পর থেকেই চর্চায় অরিজিৎ সিং। এর মধ্যেই হঠাৎ পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির হন আমির খান, যা নিয়ে নানা জল্পনা হলেও দুই তারকারই কেউই কথা বলেননি। অবেশেষে এই আকস্মিক সফরের কারণ জানালেন আমির।

অনেকেই ধরে নেন, অরিজিৎকে অবসর সিদ্ধান্ত থেকে ফেরাতেই বুঝি পশ্চিমবঙ্গে গিয়েছেন আমির। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির খান জানান, সফরের মূল উদ্দেশ্য তা ছিল না। যদিও তিনি স্বীকার করেছেন, চেষ্টা করেছিলেন অরিজিৎকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি করাতে, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে।

অবসর ঘোষণার পরই আমিরের সফর
অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরপরই পশ্চিমবঙ্গের তাঁর বাড়িতে আমির খানের সফর ঘিরে তৈরি হয় জল্পনা। অনেকেই ভাবেন, বলিউডের অন্যতম বড় তারকা হয়তো ব্যক্তিগতভাবে গিয়ে অরিজিৎকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেছেন।

এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমি কয়েক দিন আগে মুর্শিদাবাদে গিয়েছিলাম। অরিজিৎকে সিনেমার গান ছেড়ে না দিতে বোঝানোর জন্য সেখানে যাইনি। আমি অন্য একটি কাজের জন্য সেখানে গিয়েছিলাম। যদিও চেষ্টা করেছি তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি করাতে, কিন্তু তা বৃথা গেছে। মনে হচ্ছে, সে তার সিদ্ধান্তে অনড়।’

এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়—আমিরের সফর নিয়ে যে গুঞ্জন ছিল, তার পুরোটা সত্য নয়। তবে তিনি এটাও অস্বীকার করেননি যে অরিজিৎকে বোঝানোর চেষ্টা করেছিলেন।

অরিজিৎ সিং ও আমির খান। কোলাজ

আসল কারণ: ‘এক দিন’ ছবির গান
আমির খানের সফরের মূল কারণ ছিল তাঁর প্রযোজিত আসন্ন ছবি ‘এক দিন’-এর গান। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আমিরের ছেলে জুনায়েদ খান। ছবির নায়িকা দক্ষিণি তারকা সাই পল্লবী। আমির জানান, ‘এক দিন’ ছবির গানগুলোতেই কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এ কারণেই তিনি গিয়েছিলেন অরিজিতের বাড়িতে।
আমিরের ভাষায়, ‘আমি সেখানে গিয়েছিলাম “এক দিন” ছবির গান রেকর্ডিং ও তার পরিবেশনা–সংক্রান্ত বিষয়ে। আমি তাকে আমার জন্য গান গাইতে রাজি করিয়েছি। সে জুনায়েদের চরিত্রের জন্য গান গাইছে।’

অরিজিৎ সিং
এএফপি

আগের প্রতিশ্রুতি রাখছেন অরিজিৎ
অরিজিৎ সিং তাঁর অবসর ঘোষণার সময়ই জানিয়েছিলেন, আগে যেসব কাজের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো তিনি শেষ করবেন। সেই সূত্রেই ‘এক দিন’ ছবির সব গান গাইতে রাজি হয়েছেন তিনি। আমির খান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘যেহেতু “এক দিন” আগের একটি প্রতিশ্রুতি ছিল, সে কাজটি শেষ করতে চেয়েছে। এই ছবিতে মোট পাঁচটি গান রয়েছে এবং সব কটিতেই কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।’
বোঝা যাচ্ছে, বলিউডে প্লেব্যাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আগের প্রতিশ্রুতিগুলো সম্মানের সঙ্গে শেষ করতে চান এই জনপ্রিয় গায়ক।

আরও পড়ুন

‘চলচ্চিত্রের জন্য দুঃখজনক’: আমিরের আবেগী প্রতিক্রিয়া

অরিজিতের অবসর সিদ্ধান্তকে বলিউডের জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন আমির খান। তিনি বলেন, ‘এটা সিনেমার জন্য খুবই দুঃখজনক। সে অসম্ভব প্রতিভাবান—আর মানুষ হিসেবেও দারুণ। তার পরিবার ও টিমের সঙ্গে আমি দারুণ সময় কাটিয়েছি। সে গানগুলো অসাধারণভাবে করেছে। এমন প্রতিভা হারানো সত্যিই আমাদের সবার জন্য কষ্টের।’

প্রোডাকশন হাউসের ধন্যবাদবার্তা অরিজিতের সঙ্গে সাক্ষাতের পর আমির খান প্রোডাকশনসের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ধন্যবাদবার্তা পোস্ট করা হয়। সেখানে আমির ও অরিজিতের একটি ছবি শেয়ার করে লেখা হয়, ‘ধন্যবাদ, অরিজিৎ। “এক দিন” ছবির গানে হৃদয় ঢেলে দেওয়ার জন্য।’

‘এক দিন’: জুনায়েদের জন্য গুরুত্বপূর্ণ ছবি ‘এক দিন’ শুধু আরেকটি বলিউড ছবি নয়, এটি আমির খানের ছেলে জুনায়েদ খানের ক্যারিয়ারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ছবিটি পরিচালনা করছেন সুনীল পাণ্ডে। ছবিটির মুক্তি নির্ধারিত হয়েছে ১ মে। ছবির সব কটি গানেই কণ্ঠ দিয়েছেন অরিজিৎ, পর্দায় ঠোঁট মেলাতে দেখা যাবে জুনায়েদকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে