আমিরের তৃতীয় স্ত্রী গৌরী কত সম্পদের মালিক
আজ রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। অনুষ্ঠিত হয়েছে একেবারে ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান। ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা তারকাদের ভিড়। বরং দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে আইনি বিয়ে ও ছোট্ট উদ্যাপন।
৬১ বছর বয়সে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান—ছেলে জুনায়েদ খান ও ইরা খান। পরে ২০০৫ সালে পরিচালক ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদকে যৌথভাবে বড় করছেন দুজন।
বিয়ের খবর প্রকাশের পর থেকেই গৌরী স্প্র্যাটকে নিয়ে কৌতূহল বেড়েছে। সম্প্রতি আমিরের সঙ্গী হিসেবে পরিচিত হলেও এত দিন তিনি আলোচনার বাইরে ছিলেন। সবার মনেই প্রশ্ন কে এই গৌরী স্প্র্যাট?
৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাটের জন্ম বেঙ্গালুরুতে। স্যালন উদ্যোক্তা ও ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে ভারতজুড়ে তাঁর পরিচিতি রয়েছে। বহু সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। তাঁর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রিটা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।
তামিলনাড়ুর পাহাড়ি শহর উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষে তিনি লন্ডনে যান। লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে এফডিএ (এফডিএ) কোর্স সম্পন্ন করেন।
গৌরীর মা বেঙ্গালুরুতে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। সেখান থেকেই সৌন্দর্যসেবা খাতে কাজ করার আগ্রহ তৈরি হয় তাঁর।
শুরুতে তিনি পোশাক নকশা ও ফেব্রিক সোর্সিংয়ের কাজ করতেন। পরে ২০০৭ সালে হেয়ার ও বিউটি স্যালন চেইন ‘বি-ব্লান্ট’–এর অন্যতম মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ব্যবসায়িক সাফল্যের ফলে গৌরী উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছেন। ‘ম্যাজিক ব্রিকসের’ তথ্য অনুযায়ী, তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ২৪ কোটি থেকে ৪০ কোটি রুপি।
আমির খান ও গৌরী স্প্র্যাট দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরীকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির।
এনডিটিভি অবলম্বনে