রাশমিকা–বিজয়ের বিয়েতে কলাপাতায় ভোজ, ডাবের পানি

বিজয় ও রাশমিকা। আইএমডিবি

বলিউড ও দক্ষিণি সিনেমাপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রে এখন একটাই আয়োজন—বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ ঘোষণা করার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। আর এবার সামনে এল বিয়ের কিছু বিশেষ আয়োজনের খবর।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, জমকালো তারকাখচিত আয়োজনের মধে৵ও দক্ষিণ ভারতের ঐতিহ্যকে গুরুত্ব দিচ্ছেন এই তারকা জুটি। অতিথিদের জন্য রাখা হবে কলাপাতায় পরিবেশিত ভোজ এবং আপ্যায়নে বিশেষভাবে থাকবে ডাবের পানি। দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশন সমৃদ্ধি ও শুভসূচনার প্রতীক হিসেবে ধরা হয়। আর ডাবের পানি—পবিত্রতা ও আতিথেয়তার চিহ্ন।

‘বিরোশ’: ভক্তদের দেওয়া নামই বিয়ের পরিচয়
২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দেন বিজয় ও রাশমিকা। সেখানে তাঁরা জানান, তাঁদের বিয়ের নাম হবে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। ‘বিরোশ’ ভক্তদের দেওয়া সেই যুগল নাম, যা বহু বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়।
দুজনেই আবেগঘন বার্তায় লিখেছেন, ভক্তদের তৈরি এই পরিচয় তাঁদের সম্পর্কের যাত্রাপথের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই ব্যক্তিগত এই অধ্যায়কে তাঁরা ভক্তদের সঙ্গেও ভাগ করে নিতে চেয়েছেন।

রাশমিকা ও বিজয়
ফাইল ছবি

উদয়পুরে ঘনিষ্ঠ আয়োজনে, হায়দরাবাদে সংবর্ধনা
সূত্র বলছে, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। এরপর মার্চে হায়দরাবাদে আয়োজন করা হবে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিমন্ত্রণপত্র ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

তারকা জুটির জনপ্রিয়তা
দক্ষিণি ও প্যান-ইন্ডিয়া সিনেমায় আলাদাভাবে শক্ত অবস্থান তৈরি করেছেন বিজয় ও রাশমিকা। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা সময় জল্পনা থাকলেও দুজনেই দীর্ঘদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন। এবার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা সেই জল্পনার অবসান ঘটিয়েছে।
‘বিরোশ’ নামটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তাঁরা যেন ভক্তদের ভালোবাসাকেই স্বীকৃতি দিলেন।

ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধন
বহু তারকার বিয়েতে বিলাসিতা ও আড়ম্বরই প্রধান হয়ে ওঠে; কিন্তু বিজয়–রাশমিকার আয়োজন থেকে বোঝা যাচ্ছে, তাঁরা আঞ্চলিক সংস্কৃতি ও শিকড়ের প্রতি সম্মান রেখেই পথ চলতে চান। কলাপাতায় ভোজ, ডাবের পানি—এই ছোট ছোট আয়োজনই হয়তো তাঁদের বিয়েকে অন্য মাত্রা দেবে।

বলিউড হাঙ্গামা অবলম্বনে