সড়কে প্রাণ গেল ‘ত্রিনয়নী’ অভিনেত্রী পবিত্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম
ইনস্টাগ্রাম থেকে

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। রোববার অন্ধ্র প্রদেশের মেহবুবা নগরের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শেষনিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কর্ণাটকের মান্ডা জেলার হানাকেরেতে ফিরছিল পবিত্রার গাড়িটি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। এ সময়ে হায়দরাবাদ থেকে আসা একটি বাস ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িতে। গুরুতর আহত অভিনেত্রী পবিত্রার মৃত্যু হয় ঘটনাস্থলেই।
গাড়িতে আরও ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সবাই। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন সবাই। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম
ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহ-অভিনেতা সমীপ আচার্যসহ অনেকেই। সামাজিক মাধ্যমে সমীপ লেখেন, ‘এইমাত্র খবরটা শুনলাম যে আপনি আর নেই। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম অন-স্ক্রিন মা আপনি, আপনি সব সময়ই আমার কাছে বিশেষ একজন হয়ে থাকবেন।’

তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম
ইনস্টাগ্রাম থেকে

তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’ দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী পবিত্রা। তাঁর চরিত্রের নাম ছিল তিলোত্তমা। পাশাপাশি বেশ কয়েকটি কন্নড় সিরিয়ালেও অভিনয় করেছেন পবিত্রা। পেয়েছেন জনপ্রিয়তা। কন্নড় টেলিভিশন ছাড়াও তেলুগু সিরিয়ালেও তিনি কাজ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ভক্তরা।