মা হতে চলেছেন কিয়ারা, জানালেন সিদ্ধার্থ
বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আসছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন তাঁরা। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতের ওপর রাখা রয়েছে কুরুশের কাজ করা এক জোড়া ছোট্ট শিশুর সাদা মোজা। সেই মোজার ওপর হাত রেখেছে তাঁদের মেয়ে সারায়াহ। ছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বড় উপহারের আশীর্বাদ আবারও পেলাম। আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ আছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টের পরপরই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেন সিদ্ধার্থ-কিয়ারা। ভক্তদের পাশাপাশি ছায়াছবির দুনিয়ার বহু তারকাও তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
২০২৫ সালের ১৫ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিলেন তাঁরা।
কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময়। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা না বললেও জীবনের বিশেষ মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই দম্পতি।
এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন কিয়ারা ও সিদ্ধার্থ। তাঁদের এই সুখবর ঘিরে ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।
কিয়ারাকে শেষ বড় পর্দায় দেখা গেছে যশ অভিনীত ‘টক্সিক' ছবিতে। আর সিদ্ধার্থ আর তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন : ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে।