অভিনেত্রী সঞ্চিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’–এর অভিনেত্রী সঞ্চিতা উগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের নালাসোপারায় নিজ বাসভবন থেকে ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সঞ্চিতা পূর্ব নালাসোপারার আচোলে গ্রামে মা–বাবা ও বোনের সঙ্গে বসবাস করতেন। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শাড়ি ব্যবহার করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছিলেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় তুলিঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। ফলে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সঞ্চিতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। মৃত্যুর প্রায় ১৯ ঘণ্টা আগে তিনি একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওটিতে তাঁকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখা যায়। হাতে ক্যামেরা নিয়ে তৈরি করা সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ম্যায় নাচু, তু নাচা’।
ইনস্টাগ্রামে সঞ্চিতার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৯ হাজার। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতেও প্রাণবন্ত ও ইতিবাচক উপস্থিতিই বেশি দেখা যেত। ফলে তাঁর আকস্মিক মৃত্যুতে বিস্মিত হয়েছেন ভক্ত ও সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করছেন অনেকেই।
ছোট পর্দার পরিচিত মুখ সঞ্চিতা অভিনয় করেছেন ‘সাজন ঘর’, ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ ও ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে। ‘কুমকুম ভাগ্য’–এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ সিনেমায় তারাবাই চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
সঞ্চিতার মৃত্যুর খবর সামনে এসেছে এমন এক দিনে, যা ভারতীয় বিনোদন অঙ্গনের জন্য আগে থেকেই বেদনাবিধুর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর ছয় বছর পূর্তির দিনেই সঞ্চিতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা দেখা গেছে। যদিও দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্কের তথ্য পাওয়া যায়নি।
টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন সঞ্চিতা উগলে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে এখন তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা।