ছিলেন নিরাপত্তারক্ষী, এখন ছবিপ্রতি নেন সাড়ে ছয় কোটি টাকা

গিপ্পি গ্রেওয়াল। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ক-অভিনেতা হিসেবে এখন বেশ জনপ্রিয় তিনি। তবে হালে জনপ্রিয়তা পেলেও তাঁর সংগ্রামের দিনগুলোর কথা জানলে চমকে উঠবেন যে কেউ। কারণ, শুরুর দিনগুলোতে নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। কে এই অভিনেতা? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে জেনে নেওয়া যাক বিস্তারিত।

এই তারকা আর কেউ নন, পাঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল। বর্তমানে ৪১ বছর বয়সী এই তারকার জন্ম ১৯৮৩ সালে পাঞ্জাবের লুধিয়ানায়। তবে তিনি এখন স্ত্রী ও তিন সন্তান নিয়ে কানাডায় থাকেন।

আরও পড়ুন

গিপ্পি শুরুতে ছিলেন পুরোদস্তুর গায়ক। স্বপ্ন ছিল নিজের একটা অ্যালবাম প্রকাশ করবেন। অ্যালবাম প্রকাশের টাকা জোগাড় করতে একসঙ্গে তিনটি কাজ করতেন। এ প্রসঙ্গে তিনি ম্যাশবেলের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘আমি পত্রিকা বিলির কাজ করেছি, সকালে পত্রিকা বাড়ি বাড়ি পৌঁছে দিতাম। এটা শেষ সকাল আটটা-নয়টার মধ্যে একটা কারখানায় সিমেন্টের কাজ করতাম। এরপর রাতে স্ত্রীর সঙ্গে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতাম।’

সাক্ষাৎকারে গিপ্পি আরও জানান, কানাডায় তিনি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবেও কাজ করেছেন। তিনি আরও বলেন, ‘কেবল ওয়েটারের কাজই নয়, দিল্লিতে দীর্ঘদিন নিরাপত্তারক্ষী হিসেবেও কাজ করেছি।

গিপ্পি গ্রেওয়াল। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

গাড়ি ধোয়ামোছাও করেছি। কাজ নিয়ে আমার কোনো লজ্জা নেই। আমি যা করেছি, সততার সঙ্গে করেছি।’

গিপ্পি গ্রেওয়ালের আর আগের সেই দিন নেই। তিনি এখন পাঞ্জাবি সিনেমার বড় তারকা। ২০১০ সালে ‘মেল কারাদে রাব্বা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় গিপ্পি গ্রেওয়ালের। পরে তাঁকে দেখা যায় আরও বেশ কয়েকটি সিনেমায়। ২০১৬ সালে নিজের প্রযোজনা সংস্থা হাম্বল মোশন পিকচার চালু করেন তিনি।

সম্প্রতি গিপ্পি গ্রেওয়ালের সিনেমা ‘ক্যারি অব জাট্টা ৩’ বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। এটিই প্রথম পাঞ্জাবি সিনেমা, যা ১০০ কোটির বেশি ব্যবসা করে।
এই সিনেমা হিট হওয়ার পর গিপ্পি ছবিপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা)।