তিন বছর আগেই গোপনে বাগ্‌দান সেরেছিলেন রণবীর ও দীপিকা

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনছবি: ভিডিও থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রায় পাঁচ বছর ধরে সংসার করছেন তাঁরা। ভারতের আলোচিত টিভি শো ‘কফি উইথ করণ’–এ প্রথমবারের মতো আসছেন এই জুটি।
এই শোয়ের অষ্টম মৌসুমের প্রথম পর্বে করণ জোহরের মুখোমুখি হচ্ছেন তাঁরা। পুরো পর্ব প্রচারের আগেই অনু্ষ্ঠানের অংশবিশেষ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে।

এতে দেখা গেছে, ‘তোমরা গোপনে বাগ্‌দান সেরেছ?’, উপস্থাপক করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর সিং স্বীকার করেন, তিন বছর আগে ২০১৫ সালে গোপনে বাগ্‌দান সেরেছেন তাঁরা। রণবীরের ভাষ্যে, ‘অন্য কেউ তাঁর সঙ্গে বাগ্‌দান করার আগেই আমি বাগ্‌দান করে ফেলেছি।’ পাশ থেকে দীপিকা রসিকতার সুরে বলেন, ‘অগ্রিম বুকিং’।

বিয়ের আসরে রণবীর ও দীপিকা
ছবি: ইনস্টাগ্রাম

২০১৮ সালে ইতালিতে জমকালো আয়োজনে বিয়ে করেন রণবীর ও দীপিকা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইতালি থেকে ভারতে ফিরে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
২০১৩ সালে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। পর্দা ও পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

রণবীরের পাশাপাশি আর কার সঙ্গে দীপিকার চমৎকার রসায়ন রয়েছে, এমন প্রশ্নে দীপিকা জানান, অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তাঁর চমৎকার রসায়ন রয়েছে।
কফি উইথ করণ–এর অষ্টম মৌসুম ২৬ অক্টোবর থেকে ডিজনি প্লাস হটস্টারে প্রচারে আসবে।

আরও পড়ুন