টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড়

টাইগার শ্রফ: ছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় নতুন মোড় এসেছে। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের একজন ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল বলে নিশ্চিত করেছেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় অনিল পণ্ডিতের ভাই অভিষেক শর্মার বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হামলার অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত বুধবার (২৫ নভেম্বর) মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের (মকোকা) অধীন বিশেষ আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

অভিযুক্ত ব্যক্তির বয়স ১৭ বছর ১০ মাস
চলতি মাসের শুরুতে নিজের বয়স যাচাইয়ের জন্য আবেদন করে মামলার এক অভিযুক্ত। তার আইনজীবীরা হরিয়ানা থেকে ইস্যু করা জন্মসনদ ও আধার কার্ড আদালতে জমা দেন। দুটি নথিতেই তার জন্মতারিখ ২০০৮ সালের ৩০ নভেম্বর উল্লেখ রয়েছে। সেই হিসাবে গত ১৮ অক্টোবর গুলির ঘটনার দিন তার বয়স ছিল ১৭ বছর ১০ মাস।

নথিগুলো পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তির বয়স যাচাই করতে মুম্বাই পুলিশকে নির্দেশ দেন আদালত। পুলিশের একটি দল হরিয়ানায় গিয়ে সরকারি নথিপত্র যাচাই করে। পরে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে জন্মতারিখের সত্যতা নিশ্চিত করে পুলিশ।
সরকারি নথি ও পুলিশের প্রতিবেদন পর্যালোচনা করে আদালত সিদ্ধান্তে পৌঁছান, ঘটনার সময় ওই অভিযুক্ত ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক ছিল। ফলে তার বিরুদ্ধে মামলার পরবর্তী কার্যক্রম অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত আইনি বিধান অনুযায়ী পরিচালিত হবে।

নজরে হামলার অর্থের উৎস
এদিকে টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় অর্থের জোগানদারদের খুঁজছে মুম্বাই পুলিশ। এরই মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা অনিল পণ্ডিতের ভাই অভিষেক শর্মার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

টাইগার শ্রফ
ফেসবুক থেকে

হামলার পর অনিল পণ্ডিতের নামে দায় স্বীকার করে একটি বার্তা ছড়িয়েছিল। এবার তাঁর ভাইয়ের সম্ভাব্য সংশ্লিষ্টতাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশের সন্দেহ, হামলায় জড়িত ব্যক্তিদের কাছে অর্থ পাঠাতে ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট পরিচালনার সঙ্গে অভিষেকের যোগসূত্র থাকতে পারে। হামলার অর্থ কোথা থেকে এসেছিল এবং কারা এর জোগান দিয়েছিলেন, তা জানতে তদন্ত চলছে।

তদন্তের আওতায় অভিষেকের স্ত্রীও
আর্থিক লেনদেনের সূত্র ধরে অভিষেক শর্মার স্ত্রী সুনেহার নামও উঠে এসেছে তদন্তে। পুলিশের সন্দেহ, হামলার সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে তাঁকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল।

গত সপ্তাহে তদন্তকারীদের কাছে নিজের বক্তব্য দিয়েছেন সুনেহা। তাঁর সেই বক্তব্য সিল করা খামে আদালতে জমা দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় তাঁর সরাসরি সংশ্লিষ্টতা ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন

এখন পর্যন্ত গ্রেপ্তার ১৩ জন
গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় অভিনেতার গাড়িচালক ও এক পথচারী আহত হন। এরপর একাধিক রাজ্যে অভিযান চালায় মুম্বাই পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টাইগারের গাড়িতে গুলির ঘটনা বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে। তদন্তে সালমান খানসহ বলিউডের আরও কয়েকজন তারকার বাড়ির আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াতের তথ্যও উঠে আসে। সালমানকে হামলার মূল লক্ষ্য করার পরিকল্পনা ছিল কি না, তা নিয়েও ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

এদিকে একের পর এক তারকাকে হুমকি দেওয়ার ঘটনায় সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। চলচ্চিত্র তারকাদের পাশাপাশি শুটিংয়ের স্থান ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি।