রাশির স্বপ্নপূরণ

রাশি খান্নাছবি: ইনস্টাগ্রাম

‘আমি খুবই রোমাঞ্চিত। আসলে এটা আমার স্বপ্ন ছিল। যখন আমরা ছোট থাকি, মানুষ প্রায়ই জিজ্ঞেস করে, বড় হয়ে কী হতে চাই। অনেক সময় বলি, শিক্ষক হব। বেশির ভাগ মেয়েই বলে, শিক্ষক হবে। তবে আমি সব সময় বলতাম, আমি গায়িকা হতে চাই। তাই কোথাও না কোথাও আমার স্বপ্ন ছিল যে গান গাইব। কিন্তু অভিনয় আমাকে খুঁজে নিয়েছে আর আমার কাজকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু আজ এই গান গাইতে পারা যেন স্বপ্নপূরণের মতো অনুভূতি,’ লুক্কে সিরিজের ট্রেলার মুক্তি অনুষ্ঠানে আবেগভরা কথাগুলো বলেছিলেন অভিনেত্রী রাশি খান্না। এই রাতেই জনসমক্ষে প্রথম গান গেয়ে সবার মন জয় করে নেন তিনি।

রাশি খান্না
ছবি: ইনস্টাগ্রাম

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে গান, অ্যাকশন, মাদক ও প্রতিশোধের মিশেলে নতুন সিরিজ ‘লুক্কে’। সম্প্রতি মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে গান, কথা নিয়ে এক বর্ণিল আয়োজন করা হয়েছিল। লুক্কের অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রাশি খান্না, র‍্যাপার কিং, পলক তিওয়ারি, লক্ষভির সিং সারান ও শিভাঙ্কিত পরিহার। চণ্ডীগড়ের জমজমাট র‍্যাপ দুনিয়াকে ঘিরে তৈরি সিরিজটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানও ছিল তেমনই প্রাণবন্ত।

অনুষ্ঠানে ‘সাভেরে’, ‘জি লেঙ্গে’, ‘বুলেটপ্রুফ’-এর মতো গান পরিবেশন করেন কিং, আমিরা গিল, অক্ষত ও রুয়া কেয়ের মতো শিল্পীরা। রাশি যেমন লুক্কের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন, তেমনই জনপ্রিয় গায়ক কিং-এর এই সিরিজের মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে। তবে সন্ধ্যার সবচেয়ে বড় চমক ছিলেন রাশি খান্না। অক্ষতের সঙ্গে তিনি ‘রুবারু’ গানটি পরিবেশন করেন।

রাশি খান্না
ছবি: ইনস্টাগ্রাম

‘লুক্কে’ সিরিজে এক দৃঢ়চেতা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন রাশি। রাশি অভিনীত চরিত্রটির নাম গুরবাণী। ‘গুরবাণী চরিত্রটি আমার কাছে খুবই বিশেষ। এটা আমার জন্য একধরনের “ঘরে ফেরা”। আমি অনেক ভাষায় কাজ করেছি, কিন্তু পাঞ্জাবি আমার পরিচয় আর আমি পাঞ্জাবি চরিত্রে অভিনয় করছি। তাই এটা আমার জন্য খুবই বিশেষ একটা বিষয়। আপনারা এটাও দেখবেন—একজন পাঞ্জাবি নারীর সব শক্তি আর তাঁর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। সে জাট্টি (পাঞ্জাবি মেয়ে)—তার মধ্যে অনেক শক্তি আছে। সে চিৎকার করে না, কিন্তু তার উপস্থিতি আলোড়ন তোলে। তাই এই চরিত্রে অভিনয় করতে আমার দারুণ লেগেছে। এক কোমল মেয়ে, যে শোতে গিয়ে খুবই আগ্রাসী হয়ে ওঠে,’ টানা বললেন অভিনেত্রী।

আরও পড়ুন

কথা প্রসঙ্গে তিনি আরও জানান, সিরিজটি তাঁর জন্য অত্যন্ত বিশেষ। তাঁর ভাষ্যে, ‘এখানে অনেকগুলো স্তর আছে, যেগুলো আপনারা প্রতিটি চরিত্রে দেখতে পাবেন। আর বিশেষ করে আমার চরিত্রের মাধ্যমে বুঝতে পারবেন—দুঃখ বা শোক যখন ঠিকভাবে সামলানো যায় না, তখন সেটা মানুষের ওপর কী প্রভাব ফেলে। সেটা শরীরী ভাষায় বা কথার রুক্ষতায় বেরিয়ে আসে। কিন্তু আমার মনে হয়, সেই সব শোক আসলে অপ্রকাশিত ভালোবাসা। আমরা সবাই এর মধ্য দিয়ে যাই আর এটা আমাদের বদলে দেয়। আর এটাই আমার চরিত্রটাকে যথার্থ করে তোলে।’
হিমাঙ্ক গউর পরিচালিত ‘লুক্কে’ সিরিজটি ৮ মে মুক্তি পেয়েছে।